অমর একুশে আজ (মঙ্গলবার)— বিনম্র শ্রদ্ধায় জাতি স্মরণ করছে বায়ান্নর ভাষা শহীদদের। বায়ান্নর ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে মধ্যরাতের আগেই কেন্দ্রীয় শহীদ মিনারে পৌঁছান রাষ্ট্রপতি আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এরপর শ্রদ্ধা জানান স্পিকার শিরীন শারমিন চৌধুরী, বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক ও পেশাজীবী অঙ্গনের বিশিষ্টজনেরা। এ সময় কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থাকেন তারা।
এরপর কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে দলের পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।
শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। বিরোধী দলের নেতা রওশন এরশাদের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় পার্টির নেতারা। শ্রদ্ধা জানান নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী বোর্জ ব্রেন্ডা। এরপর শ্রদ্ধা জানান কেন্দ্রীয় ১৪ দলের নেতারা।
এছাড়াও তিন বাহিনীর পক্ষ থেকে সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানরা ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। শ্রদ্ধা জানান বিদেশি কূটনৈতিকরা।
তারপর শ্রদ্ধা জানান ভাষা সৈনিক, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও সেক্টর কমান্ডাররা। রাত দেড়টায় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। মূল বেদিতে ওঠে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
বাঙালির স্মৃতির মিনারে নামে জনতার ঢল। রাত গভীর হয়, তবু থামে না জনস্রোত। একে একে চলে শ্রদ্ধা নিবেদন। শ্রদ্ধা জানান বিভিন্ন, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ।