বিকৃত বাংলা উচ্চারণের প্রবণতা রোধে সবাইকে সচেতন হওয়ার তাগিদ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দৈনন্দিন কাজ বা জীবিকার প্রয়োজনে বিভিন্ন ভাষা জানা দরকার তবে মাতৃভাষার বিকৃতির বিষয়ে সজাগ থাকতে হবে বলেও জানান তিনি।
শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মঙ্গলবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মাতৃভাষার জন্য বাঙালির আত্মত্যাগ ও ইতিহাস ব্যাপকভাবে প্রচারে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান শেখ হাসিনা। বিএনপি ক্ষমতায় এসে মাতৃভাষার মর্যদা বাড়াতে কোনো পদক্ষেপ নেয়নি বলেও অভিযোগ করেন তিনি।
এ সময় বাংলা ভাষাকে বিকৃতভাবে উপস্থাপনের প্রবণতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। বাংলা ভাষার প্রচলিত ধারা বিকৃত করার প্রবণতা থেকে তরুণ প্রজন্মকে বেরিয়ে আসারও তাগিদ দেন তিনি।
মাতৃভাষার অধিকার মানুষের জন্মগত উল্লেখ করে তিনি বলেন, ভাষা আন্দোলনই পরবর্তীতে বাঙালির স্বাধীকার আন্দোলনের ভিত্তি প্রস্তুত করেছে।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মাতৃভাষা ইনস্টিটিউটের ৫ দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।