মিনারের মূল বেদীতে উঠে ফুল দিয়ে শহীদ দিবসের মর্যাদা নষ্ট করেছেন বিএনপি নেত্রী খালেদা জিয়া বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে আয়োজিত আলোচনায় তিনি এ কথা বলেন।
এ সময় জাতির ভাষা সংগ্রামের ইতিহাস জানতে নতুন প্রজন্মকে তাগিদ দেন প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা বলেন, আমাদের ইতিহাস ও অতীত জানতে হবে— যে ছেলে ইতিহাস-অতীত জানতে পারে না, সে সত্যিকার অর্থে বাঙালি হতে পারে না।
তিনি এই অধিকার আদায়ে শহীদ হওয়া জাতির সূর্যসন্তানদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন। শ্রদ্ধাভরে স্মরণ করেন ভাষা সংগ্রাম থেকে শুরু করে স্বাধীনতা আন্দোলনে নেতৃত্ব দেয়া বঙ্গবন্ধুকেও।
ভাষা আন্দোলন থেকে স্বাধীনতা সংগ্রাম, বাঙালির অধিকার আদায়ের প্রতিটি সংগ্রামে আওয়ামী লীগ নেতৃত্ব দিয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বাঙালি জাতির যে অর্জন, তার প্রত্যেকটির পেছনে আওয়ামী লীগের অবদান রয়েছে।
বঙ্গবন্ধুকে সপরিবারে নির্মমভাবে হত্যার পর স্বাধীন বাংলাদেশ ধ্বংসের যেমন চেষ্টা হয়েছে, তেমনি নানাসময়ে বাংলা ভাষাকেও বিকৃত করার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেন প্রধানমন্ত্রী।
একুশে ফেব্রুয়ারিতে শ্রদ্ধা নিবেদনের সময় মূল বেদিতে উঠে শহীদ দিবসের মর্যাদা নষ্ট করেছেন বিএনপি চেয়ার খালেদা জিয়া ও তার দলের নেতারা, অভিযোগ প্রধানমন্ত্রী শেখ হাসিনার। তিনি বলেন, যেখানে সবাই সম্মান জানায় সেখানে কিভাবে নেতাদেরসহ উঠে গেলেন বিএনপি নেত্রী। অভিযোগ করেন, যারা স্বাধীনতায় বিশ্বাস করে না, আন্দোলনের নামে নাশকতা করে তারা কিভাবে জাতির মর্যাদা রক্ষা করবে। বলেন, পাকিস্তানের সুরে সুর মিলিয়ে শহীদের সংখ্যা নিয়ে কথা বলেছে খালেদা জিয়া। অমর একুশে স্মরণে আওয়ামী লীগের আলোচনা সভায় এসব কথা বলেন দলের সভানেত্রী।
সভায় বিশিষ্টজনরা জঙ্গিবাদের জন্য রাজনীতিতে ধর্মের ব্যবহারকে দায়ী করেন। বাংলা ভাষার বিকৃত ব্যবহার বন্ধের আহ্বান জানান নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার
সভায় একুশ নিয়ে স্বরচিত কবিতা পড়ে শোনান কবি নির্মলেন্দু গুণ।
পরে বক্তৃতায় আওয়ামী লীগ সভানেত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ভাষা আন্দোলনের ইতিহাস তুলে ধরেন। তুলে ধরেন এ আন্দোলনে জাতির জনক বঙ্গবন্ধুর ভূমিকার কথা।