বাংলাদেশকে ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে পরিণত হতে হলে অবশ্যই যোগাযোগ ব্যবস্থা, ব্যবসায় বিনিয়োগের পরিবেশ বাড়ানোসহ বেশ কিছু বিষয়ে নজর দিতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্সা স্টিফেন্স ব্লুম বার্নিকাট।
ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে বৃহস্পতিবার সকালে বাংলাদেশ, চীন, ভারত এবং যুক্তরাষ্ট্র: প্রতিযোগিতামূলক সহযোগিতার বিকাশ সাধন শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের তিনি এ কথা বলেন।
মার্কিন রাষ্ট্রদূত মার্শা মার্সা স্টিফেন্স ব্লুম বার্নিকাট বলেন, বাংলাদেশ অর্থনৈতি উন্নয়নসহ বেশ কিছু বিষয়ে উন্নয়ন করলেও যোগাযোগ ব্যবস্থাসহ বেশ কিছু বিষয়ে পিছিয়ে রয়েছে। প্রতিবেশী দেশগুলোর সহযোগিতায় এ বিষয়গুলোর দিকে নজর দিলে বাংলাদেশ আরো ভালো করতে পারবে।
তিনি আরো বলেন, ‘বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলোর মধ্যে অর্থনৈতিক উন্নয়নে যথেষ্ট সম্ভবনা থাকলেও যথাযথ আঞ্চলিক যোগাযোগের অভাব রয়েছে। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে নিজেদের দুর্বলতাগুলো নিয়ে কাজ করলে বাংলাদেশ তার লক্ষ্য অনুযায়ী ২০২১ সালের মধ্যে মধ্যেম আয়ের দেশে পরিণত হবে।’
বাংলাদেশের তার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে এ যোগযোগ বাড়ানোকে যুক্তরাষ্ট্র সব সময় স্বাগত জানায় বলেও জানান মার্কিন রাষ্ট্রদূত।
বার্নিকাট বলেন, ‘যুক্তরাষ্ট্রের বেশ কিছু প্রতিষ্ঠান বাংলাদেশে বিনিয়োগ করতে চায় তবে সেজন্য দেশটিকে বিনিয়োগের যথাযথ পরিবেশ নিশ্চিতের ওপর জোর দিতে হবে।’