পিলখানা হত্যাযজ্ঞে নিহত ৫৭ সেনা কর্মকর্তার পরিবারের সদস্যরা এখনও সেই শোক কাটিয়ে উঠতে পারেনি।
প্রিয় মানুষদের একান্ত স্মৃতিগুলোই এখন তাদের একমাত্র সম্বল। বিদ্রোহী অপরাধীদের বিচার দ্রুত শেষ করা ও তাদের উপযুক্ত শাস্তি দেয়ার দাবি জানান নিহত মেজর মিজানুর রহমানের ছেলে তাহসিন।
আট বছর পেরিয়ে গেছে। তবু এতটুকু ভুলে যাওয়া সম্ভব হয়নি। ভুলতে তো চান তারা। বাবা মেজর মিজানুর রহমানের মৃত্যুর আট মাস আগে ক্যান্সারে আক্রান্ত হয়ে মা মারা যান তাদের। এরপর পিলখানায় বিদ্রোহী জওয়ানদের হাতে বাবাকে হারিয়ে এখন আশ্রয় নানার কাছে। বাবার স্মৃতি ধারন করেই বাবার স্বপ্ন পূরণে সেনা কর্মকর্তা হয়ে দেশ সেবায় নিয়োজিত হতে চায় তাহসিন।
আর যে মা সন্তান হারিয়েছেন? ছেলের শান্তি কামনায় পটুয়াখালী থেকে ছুটে এসেছেন পিলখানায় নিহত মেজর মিজানুরের মা কোহিনুর বেগম।
নিহত কর্নেল কুদরত ই- এলাহীর বাবা হাবিবুর রহমানের কথা, যা হারিয়েছেন তা আর ফিরে পাবার নয়। নিজেদের যোগ্যতায় যথার্থ সম্মানটুকু নিয়েই বাঁচতে চান তারা। এজন্য রাষ্ট্রকে তার দায়িত্বের কথাই স্মরণ করিয়ে দেন আবার।
স্বজনদের চাওয়া বিচারের আওতা থেকে যেন কোনও অপরাধীই রেহাই না পায়। এখন এই বিচারই তাদের জন্য বড় সান্তনা।