সরকারের গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে মঙ্গলবার রাজধানীতে আধাবেলা হরতাল পালন করেছে বাম দলগুলো।
হরতাল চলাকালে শাহবাগে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া চলে আন্দোলনকারীদের। এসময় পুলিশ কয়েক রাউন্ড টিয়ার গ্যাস ও রাবার বুলেট ছোড়ে আহত হন বেশ কয়েকজন। পুলিশ আটক করে কয়েকজনকে।
গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে আগামী ১ থেকে ১৪ মার্চ সারাদেশে বিক্ষোভ এবং ১৫ মার্চ জ্বালানি মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি দিয়েছে সিপিবি ও বাসদ।
গ্যাসের দাম বাড়ানোর সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে রাজধানীতে মঙ্গলবার ভোর ৬টা থেকে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি, গণসংহতি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-বাসদ, সমাজতান্ত্রিক ফ্রন্টসহ অন্য বাম দলগুলো বিচ্ছিন্নভাবে হরতালের সমর্থনে মিছিল বের করে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মোড় থেকে প্রগতিশীল ছাত্র জোটের কর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগ মোড়ে অবস্থান করে রাস্তায় টায়ারে আগুন দিয়ে বিক্ষোভ শুরু করেছে, ওই সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
একপর্যায়ে পুলিশ আন্দোলনকারীদের সরিয়ে দেয়ার জন্য টিয়ারশেল ও রাবার বুলেট ছোড়ে। আন্দোলনকারীরাও পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছোড়ে। এসময় বেশ কয়েকজন আহত হয় এবং পুলিশ কয়েকজনকে আটক করেছে।
এছাড়া জাতীয় প্রেসক্লাবের সামনে হরতাল সমর্থকদের সঙ্গে সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন কর্মীদের হাতাহাতির ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন
ডিএমপি অতিরিক্ত কমিশনার মিজানুর রহমান।
সরকার যতই অত্যাচার করুক না কেন আন্দোলনকে দাবিয়ে রাখা যাবে না বলে সতর্ক করে দিয়েছেন বাম দলের নেতারা।
বলেন, সরকার গ্যাসের দাম বৃদ্ধির সিদ্ধান্ত থেকে সরে না আসা পর্যন্ত তাদের আন্দোলন চলবে বলে জানিয়েছেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য রুহিন হোসেন প্রিন্স, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক কমরেড খালিকুজ্জামান ও গণ-সংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকী।