বাসচালক জামির হোসেনের যাবজ্জীবন-ট্রাকচালক মীর হোসেন মিরুর মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদে মঙ্গলবার সারাদেশে পরিবহন ধর্মঘট পালন করছে সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা।
এদিকে, আন্দোলনরত পরিবহন শ্রমিকদের আদালতে গিয়ে তাদের দাবি তুলে ধরার পরামর্শ দিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
আদালতের রায়ের বিরুদ্ধে পরিবহন শ্রমিকদের আন্দোলন কর্মসূচি দুঃখজনক উল্লেখ করে তিনি বলেন, আইন অনুযায়ী নিজেদের বক্তব্য আদালতের সামনে উপস্থাপন করার অধিকার তাদের রয়েছে।
জনগণকে ভোগান্তিতে না ফেলে পরিবহন শ্রমিকদের আইনের আশ্রয় নেয়ার পরামর্শ দেন তিনি।
সোমবার রাতে রাজধানীর একটি হোটেলে মালিক সমিতি এবং শ্রমিক সংগঠনের যৌথ সভা থেকে সিদ্ধান্ত হয়
মঙ্গলবার ভোর থেকে সারাদেশে পরিবহন ধর্মঘট পালন করবে তারা।
এ ঘোষণার পর থেকে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সারাদেশে অনির্দিষ্টকালের কর্মবিরতির ভোর থেকে শুরু করেছে।
এর আগে সোমবার দুপুরে খুলনা সার্কিট হাউজে বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন ও স্থানীয় পরিবহন মালিক-শ্রমিক নেতাদের সমন্বয়ে বৈঠকে পর সিদ্ধান্ত হয় ধর্মঘট প্রত্যাহারের। বিভাগের ১০ জেলার পরিবহন ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন শ্রমিক নেতারা।
বাসচালক জামির হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়ার প্রতিবাদে রোববার সকাল ৬টা থেকে খুলনা বিভাগের ১০ জেলায় ধর্মঘট পালন করে তারা।
মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ ও এটিএন নিউজের প্রধান নির্বাহী মিশুক মুনীরের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় আদালতের দেয়া এ সাজার বিরুদ্ধে তারা এ কর্মসূচি পালন করে।
তবে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও খুলনা বিভাগীয় সাধারণ সম্পাদক আব্দুর রহিম বক্স দুদু বলেন, তারা সোমবার খুলনা বিভাগের ধর্মঘট প্রত্যাহারের সভায় আলোচনার সময় খবর আসে ঢাকার আদালতে সাভারে সড়ক দুর্ঘটনা সংক্রান্ত একটি মামলায় মীর হোসেন মিরুর মৃত্যুদণ্ডের রায় দেয়া হয়েছে। এ খবর ছড়িয়ে পড়লে মালিক-শ্রমিকরা ক্ষুব্ধ হন। পরে রাতে বৈঠকের পর দেশব্যাপী ধর্মঘট ডাকা হয়।
আজ সকাল ৬টা থেকে দেশের বিভিন্ন রুটে এ ধর্মঘট পালন করছে সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন।
ধর্মঘটের ফলে দূরপাল্লার সব যান চলাচল বন্ধ রয়েছে এতে, ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
এদিকে, যশোর, কুষ্টিয়া, মাগুরা, নড়াইল ও ঝিনাইদহ, গোপালগঞ্জ, ফরিদপুর ও রজাবাড়ীসহ আরও ৬টি জেলায়ও পরিবহন ধর্মঘট পালন করছেন শ্রমিক নেতারা।
উল্লেখ্য, সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্রকার তারেক মাসুদ, এটিএন নিউজের প্রধান নির্বাহী মিশুক মুনীরসহ পাঁচজন নিহত হওয়ার ঘটনায় দায়ের হওয়া মামলার রায়ে বুধবার চুয়াডাঙ্গা ডিলাক্স পরিবহনের বাসচালক জামির হোসেনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেয় আদালত।