সড়ক দুর্ঘটনায় হতাহতের ঘটনায় দুই চালকের সাজার রায়ের পর আবারো বুধবার আদালতে শরণাপন্ন হওয়ার পরামর্শ দিয়েছেন আনিসুল হক।
বুধবার সচিবালয়ে বেলা ১১ টার দিকে যোগাযোগ মন্ত্রণালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, নৌমন্ত্রী শাজাহান খান, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা এবং বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ সঙ্গে সংক্ষিপ্ত বৈঠকের পর এ কথা বলেন তিনি।
বৈঠক শেষে আইনমন্ত্রী সাংবাদিকদের বলেন, এটা নিম্ন আদালতের রায়, এখানে আপিলের সুযোগ রয়েছে সুতরাং শ্রমিক নেতৃবৃন্দ আদালতে যেতে পারেন, আমরা সেটাই বলেছি।
গতকালও আইনমন্ত্রী আনিসুল হক বলেন, পরিবহন শ্রমিক নেতাদের কোনো বক্তব্য থাকলে আদালতে বলতে পারেন। আপিল করতে পারেন।
সড়ক দুর্ঘটনায় হতাহতের ঘটনায় দুই চালকের সাজার রায়ের প্রতিবাদে মঙ্গলবার সকাল থেকে সারাদেশে পরিবহন শ্রমিকদের অনির্দিষ্টকালের এ ধর্মঘট চলছে।
এদিকে, পরিবহন ধর্মঘট নিয়ে যে সমস্যা সৃষ্টি হয়েছে আজকের মধ্যেই এর সমাধান হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।