সারাদেশের পরিবহন ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নেতারা।
বুধবার রাজধানীর মতিঝিলে মালিক-শ্রমিকদের সঙ্গে নৌমন্ত্রী শাজাহান খানের বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানান তারা।
পরিবহন শ্রমিকদের ডাকা অনির্দিষ্টকালের কর্মবিরতি প্রত্যাহার করে শ্রমিকদের যানবাহন চালানোর আহ্বান জানান নৌপরিবহন মন্ত্রী।
এ সময় আইন মেনে সমস্যা সমাধানের কথাও জানান তিনি।
এর আগে সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে তার কার্যালয়ে আইনমন্ত্রী আনিসুল হক, নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহর, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা বৈঠকে উপস্তিত ছিলেন।
বৈঠকের পর সরকারের পক্ষ থেকে ওবায়দুল কাদের ধর্মঘট প্রত্যাহারের নীতিগত সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সারাদেশে গতকাল থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতির শুরু করে।
এর আগে সোমবার দুপুরে খুলনা সার্কিট হাউজে বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন ও স্থানীয় পরিবহন মালিক-শ্রমিক নেতাদের সমন্বয়ে বৈঠকে পর সিদ্ধান্ত হয় ধর্মঘট প্রত্যাহারের। বিভাগের ১০ জেলার পরিবহন ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন শ্রমিক নেতারা।
বাসচালক জামির হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়ার প্রতিবাদে রোববার সকাল ৬টা থেকে খুলনা বিভাগের ১০ জেলায় ধর্মঘট পালন করে তারা।
মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ ও এটিএন নিউজের প্রধান নির্বাহী মিশুক মুনীরের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় আদালতের দেয়া এ সাজার বিরুদ্ধে তারা এ কর্মসূচি পালন করে।
তবে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও খুলনা বিভাগীয় সাধারণ সম্পাদক আব্দুর রহিম বক্স দুদু বলেন, তারা খুলনা বিভাগের ধর্মঘট প্রত্যাহারের সভায় আলোচনার সময় খবর আসে ঢাকার আদালতে সাভারে সড়ক দুর্ঘটনা সংক্রান্ত একটি মামলায় মীর হোসেন মিরুর মৃত্যুদণ্ডের রায় দেয়া হয়েছে। এ খবর ছড়িয়ে পড়লে মালিক-শ্রমিকরা ক্ষুব্ধ হন। পরে রাতে বৈঠকের পর দেশব্যাপী ধর্মঘট ডাকা হয়।
গতকাল সকাল ৬টা থেকে দেশের বিভিন্ন রুটে এ ধর্মঘট পালন করছে সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন।