আজ আট মার্চ- বুধবার আন্তর্জাতিক নারী দিবস। " নারী পুরুষের সমতা, উন্নয়নে যাত্রা, বদলে যাবে বিশ্ব, কর্মে নতুন মাত্রা" এ প্রতিপাদ্য নিয়ে এবারও নানা আয়োজনে পালিত হচ্ছে বিশ্ব নারী দিবস।
একশ আট বছর আগে এ দিনটিতে পাশ্চাত্যের নারী শ্রমিকেরা সম অধিকারের দাবিতে লড়াই করে ইতিহাস গড়েছেন। তারপর থেকে দেশে দেশে নারীর পথচলা আর থেমে নেই। পাশ্চাত্যের মতো এই অঞ্চলের নারীরাও নিজেদের অধিকার আদায়ের পাশাপাশি স্বাধীনতা অর্জনেও লড়াই করেছেন কাঁধে কাঁধ মিলিয়ে। এ একশ বছরের পথ পরিক্রমায় কেমন আছেন নারী সমাজ?
প্রতিবাদের ইস্যু ছিল সূচ কারখানায় যে নারী পুরুষের পাশাপাশি কাজ করেন তাদের মধ্যে নারীকে কেন একই বেতনের জন্য পুরুষের চেয়ে বেশি সময় কাজ করতে হবে? কেনই বা নারীর ভোটাধিকার নেই? নেই সমঅধিকারও? এইসব গড়মিলের হিসাব মিলাতে ১০৮ বছর আগে নিউইয়র্কের রাজপথে নামেন নারী সমাজ।
নেত্রী ক্লারা জেটকিন ডেনমার্কের রাজধানী কোপেন হেগেনে ঘোষণা দেন নারী দিবস উদযাপনের।
পাশ্চাত্যে এখন আর খালি চোখে নারী-পুরুষের বৈষম্য দেখা যায় না তবে, এখনও বিতর্ক ওঠে যখন একজন নারী প্রেসিডেন্ট প্রার্থী হন। সেই পথে বাংলাদেশ বা এ অঞ্চল এগিয়েছে অনেকদূর। প্রায় সব ক্ষেত্রেই নারীর অবস্থান চোখে পড়ার মতো বলে মন্তব্য করে বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম।
কিন্তু, তারপরও পথে ঘাটে নারী আজো নিরাপদ নন। কর্মক্ষেত্রের পরিবেশও নয় নারীবান্ধব। আবার রাষ্ট্রে ক্ষমতা রদ-বদলের সঙ্গে সঙ্গে দলীয় দৃষ্টিকোণেও বদলে যায় নারীর ক্ষমতায়নের বিষয়টি বলে মত দেন সিডও এর সাবেক চেয়ারম্যান সালমা খান ও আয়শা খানম।
তবুও ক্ষমতায়নের পথে নারী এখন কাজ করছেন ঘরের বাইরে, অর্থনীতিতেও অবদান রেখে চলেছেন জানান মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকী।
এখন কেবল অপেক্ষা সেই দিনের যখন নারী আর নারী বলে বৈষম্যের শিকার হবে না-কি ঘরে কি বাইরে।
এদিকে, নারী নির্যাতন ও বাল্য বিবাহ বন্ধের শপথ ও মোমবাতি প্রজ্জ্বলনের মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস উদযাপনের সূচনা করা হয়।
নারী দিবস উপলক্ষে মঙ্গলবার রাতে কেন্দ্রীয় শহীদ মিনারে আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোটের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে হয় আলোচনা, সাস্কৃতিক অনুষ্ঠান।
এসময় মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি নারী নির্যাতন ও বাল্য বিবাহ বন্ধে সরকারের ভূমিকা তুলে ধরেন।
মৌলবাদের হাত থেকে নারীকে রক্ষার এবং সবক্ষেত্রে নারীর অংশ গ্রহণ বাড়ানোর দাবি জানান নারী নেত্রীরা। সব শেষে মোমবাতি প্রজ্জ্বলনের পাশাপাশি নারী নির্যাতনের বিরুদ্ধে শপথ বাক্য পাঠ করান সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি।
এছাড়া দেশের বিভিন্ন জায়গায় নানা আয়োজনে পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস।
"নারী পুরুষ সমতা উন্নয়নের যাত্রা বদলে যাবে বিশ্ব কর্মের নতুন মাত্রা" এই শ্লোগানকে সামনে রেখে নড়াইলে শোভাযাত্রা বের করা হয়। জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রাজবাড়ি জেলা প্রশাসকের কার্যালয়ে নারী দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পটুয়াখালীতেও বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এছাড়া নানা কর্মসূচির মধ্য দিয়ে নেত্রকোণা, যশোর, ময়মনসিংহ, কুষ্টিয়া, নাটোর, কুড়িগ্রাম, মৌলভীবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস।