ইন্ডিয়ান ওসান রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ) লিডার্স সামিটে যোগদানের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার তিন দিনের রাষ্ট্রীয় সফর শেষে ঢাকার ফিরেছেন।
প্রধানমন্ত্রী এবং তার সফরসঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমান স্থানীয় সময় সকাল ১০টা ১৫ মিনিটে জাকার্তার হালিম পারদোনা কুসুমা আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।
ইন্দোনেশিয়ার শিল্পমন্ত্রী এয়ারলাঙ্গা হার্তাতো এবং ইন্দোনেশিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল আজমল কবীর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।
প্রধানমন্ত্রী ইন্ডিয়ান ওসান রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ) লিডার্স সামিটে যোগ দিতে গত সোমবার জাকার্তা যান।
সামিটের সাইড লাইনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো, শ্রীলংকার প্রেসিডেন্ট মৈত্রীপালা সিরিসেনা, সংযুক্ত আরব আমিরাতের প্রতিমন্ত্রী ড. মাইথা সালেম আল শামসির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন।
মঙ্গলবার সামিটের সাধারণ বিতর্ক সেশনে প্রধানমন্ত্রী তার প্রদত্ত ভাষণে শান্তিপূর্ণ ও সমৃদ্ধ ভারত মহাসাগরের জন্য সামুদ্রিক সহযোগিতা জোরদার করতে নিবেদিত হয়ে কাজ করার জন্য ভারত মহাসাগর রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ) নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান।
তিনি এ অঞ্চলের জন্য দক্ষ নাবিক পুল তৈরিতে বাংলাদেশে ভারত মহাসাগর কারিগরি ও বৃত্তিমূলক একটি বিশ্ববিদ্যালয় স্থাপনেরও প্রস্তাব করেন।
এছাড়া, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদোর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে মিয়ানমারের শরণার্থীদের তাদের দেশে ফেরত পাঠানোর বিষয়ে ইন্দোনেশীয় সরকারের সহযোগিতা প্রত্যাশা করেন।
এছাড়া শ্রীলংকার প্রেসিডেন্ট মৈত্রীপালা সিরিসেনার সঙ্গে বৈঠকে উভয় দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে একটি ‘ফ্রি ট্রেড এ্যাগ্রিমেন্ট’ (এফটিএ) স্বাক্ষরের বিষয়ে এবং সংযুক্ত আরব আমিরাতের প্রতিমন্ত্রীর সঙ্গে সেদেশে বাংলাদেশীদের গমনের জন্য ভিসা সহজীকরণের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
দ্বিপাক্ষিক বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংযুক্ত আরব আমিরাতের প্রতিমন্ত্রী ড. মাইথা সালেম আল শামসিকে বাংলাদেশিদের, বিশেষ করে ব্যবসায়ীদের ভিসা সহজ করার কথা বলেন।
বিকেলে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমানটি হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে। সূত্র বাসস।