নারীর ক্ষমতায়নে বাংলাদেশ বিশ্বে ষষ্ঠ অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার জাতীয় সংসদে টেবিলে উত্থাপিত প্রশ্নের লিখিত জবাবে তিনি বলেন, নারীর উন্নয়ন ছাড়া সামগ্রিক উন্নয়ন সম্ভব নয় বলেই জাতির জনক বঙ্গবন্ধু স্বাধীনতার পর নারী সমাজের উন্নয়নে পদক্ষেপ নেন।
আরেক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী আরও জানান, বিনা বিচারে কারারুদ্ধরা রাষ্ট্রের কাছে ক্ষতিপূরণ চাইতে পারবে।
ঢাকা ১৫ এর সরকারদলীয় সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদারের প্রশ্নের লিখিত জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান, জাতীয় সংসদে ১৫টি আসন সংরক্ষিত করেন জাতির জনক। যাকে দেশের ইতিহাসে নারীর ক্ষমতায়নের প্রথম বলিষ্ঠ পদক্ষেপ বলে উল্লেখ করেন তিনি।
কুমিল্লা ৮ এর সংসদ সদস্য নুরুল ইসলাম মিলনের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, অপরাধীরা যেন বিনা বিচারের দীর্ঘদিন আটক না থাকে সেলক্ষ্যে দ্রুত বিচার সম্পন্ন করতে কার্যকর পদক্ষেপ নিচ্ছে সরকার। জানান, বিনা বিচারের কারারুদ্ধরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও রাষ্ট্রের কাছে ক্ষতিপূরণ চাইতে পারবে।
রাজশাহী ৩ এর সংসদ সদস্য আয়েনউদ্দীনের আরেক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে প্রয়োজনীয় সবকিছুই করবে বতর্মান নির্বাচন কমিশন।