বিএনপি ক্ষমতায় থাকাকালে বিশ্বব্যাংকের পরামর্শে এদেশের পাটকলগুলো বন্ধ করে দিয়েছিল বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার রাজধানীর খামাড়বাড়িতে কৃষিবিদ ইন্সটিটিউটে পাট দিবসের আলোচনায় তিনি এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, ‘৭৫ এর পর দেশের পাট শিল্পকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়া হয়। বিএনপি ক্ষমতায় থাকাকালে বিশ্বব্যাংকের সঙ্গে চুক্তি করে পাটকলগুলো বন্ধ করে দিয়েছিল।
তিনি আরো বলেন, পাটের সেই হৃত গৌরব তার সরকার ফিরিয়ে এসেছে। এদেশের মান মর্যাদা কখনো তার পরিবারের দ্বারা ক্ষুণ্ণ হবে না।
দেশিয় সম্পদের বিকাশ তার সরকারের লক্ষ্য জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পাট সংরক্ষণের জন্য নানা পদক্ষেপ নেয়া হয়েছে।
ড. মুহম্মদ ইউনূসে প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, একটি প্রতিষ্ঠানের এমডি পদ ধরে রাখার জন্য যিনি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেন তার বিচার জনগণ করবে। দুর্নিতীর মিথ্যা অভিযোগ তুলে পদ্মাসেতু নির্মাণে অর্থায়ন বন্ধ করেছিল বিশ্বব্যাংক তা প্রমানিত।
এর জন্য দায়ী ব্যক্তির বিচার দেশের মানুষ করবে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, পাটমন্ত্রী ইমাজউদ্দিন প্রামাণিক, প্রতিমন্ত্রী মির্জা আজম ও পাটমন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী বক্তব্য রাখেন। পাট ও পাটজাত শিল্প থেকে রপ্তানি আয় আগামীতে ১০০ কোটি ডলার ছাড়িয়ে যাবে বলে আশা করেন তারা।
পরে দর্শক আসনে বসে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পাটজাত পোশাকের ফ্যাশন-শো উপভোগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।