ভোটার তালিকায় অন্তর্ভূক্ত তথ্য ৯০% সঠিক— বলে প্রকাশ করেছে ইলেকশন ওয়াকিং গ্রুপ। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে বাকী ১০% তথ্য সঠিক করতে নির্বাচন কমিশনকে একটি প্রকল্প বাস্তবায়নের আহ্বান জানায় গ্রুপটি।
সুষ্ঠু নির্বাচন আয়োজনে বিদ্যমান ভোটার তালিকার অধিকতর বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করা জরুরি বলেও এ প্রতিবেদনে জানানো হয়। দেশের শতকরা ৯৭% মানুষ ভোটার হিসেবে তালিকায় অন্তভুক্ত থাকলেও বাকী ৩ ভাগ মানুষকে ভোটারের আওতায় আনার উদ্যোগ নেয়ার কথাও বলা হয় এতে।
ভোটার তালিকা থেকে তিন হাজার ভোটারকে বাছাই করে একটি জরিপ চালায় ইলেকশন ওয়াকিং গ্রুপ। প্রশ্নপত্রের মাধ্যমে ভোটারদের সরাসরি, পরিবারের সদস্য, প্রতিবেশি ও নির্ভরযোগ্য ব্যক্তিদের দেয়া তথ্য প্রাধান্য পায় এতে।
বৃহস্পতিবার এ জরিপের ফলাফল সংবাদ সম্মেলনের মাধ্যমে তুলে ধরা হয়। এতে তালিকার নব্বই শতাংশ তথ্য সঠিক বলে বেড়িয়ে এসেছে বলে জানিয়েছে ইলেকশন ওয়াকিং গ্রুপ।
নারীদের তুলনায় ভোটার তালিকায় পুরুষের অন্তর্ভুক্ত তথ্য ভুল বলে জানানো হয়। ভোটার তালিকায় মৃত, স্থানান্তরিত ও খুঁজে পাওয়া যায়নি এমন ভোটার রয়েছে বলেও বেড়িয়ে এসেছে।
ভোটার হওয়ার যোগ্যতা থাকা স্বত্ত্বেও তিন দশমিক তিন এক শতাংশ নাগরিক নিবন্ধিত নয় জানিয়ে তাদের ব্যাপারে উদ্যোগ নেয়ার আহ্বানও জানানো হয়।