ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে আগামী ৭ এপ্রিল দিল্লি সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে সফরের চূড়ান্ত সূচি জানানো হয়েছে। সফরসূচি অনুযায়ী ৭ থেকে ১০ এপ্রিল পর্যন্ত তিনদিন ভারতে সফর করবেন প্রধানমন্ত্রী।
আগামী ৮ এপ্রিল দুদেশের প্রধানমন্ত্রী পর্যায়ে বৈঠক হবে। প্রধানমন্ত্রীর এ সফরে তিস্তাচুক্তি, গঙ্গা ব্যারেজ নিয়ে ফলপ্রসূ আলোচনার ব্যাপারে সরকার আশাবাদী হলেও এসব কিছুর কোনো সম্ভাবনাই দেখছেন না বিশ্লেষকরা।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সফর গত ডিসেম্বরে হওয়ার কথা ছিল। কিন্তু বিভিন্ন কারণে বেশ কয়েকবার পেছানোর পর এপ্রিলের প্রথম ভাগে সফরের কথা জানিয়েছিল পররাষ্ট্র মন্ত্রণালয়। দিনক্ষণ ঠিক করে মঙ্গলবার প্রধানমন্ত্রীর ভারত সফরের চূড়ান্ত খবর এক যৌথ বিবৃতিতে জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।
বিবৃতিতে বলা হয়, আসন্ন এ সফরের মধ্যদিয়ে দুই দেশের উষ্ণ ও সহযোগিতাপূর্ণ সম্পর্ক আরো জোরদার হবে। দুই দেশের জনগণের মধ্যেও তৈরি হবে আস্থা।
বিভিন্ন সম্মেলন উপলক্ষে একাধিকবার ভারতে গেলেও সাত বছর পর দেশটিতে রাষ্ট্রীয় সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। সফরকালে শেখ হাসিনা এবার অবস্থান করবেন রাষ্ট্রপতি ভবনে।
এরআগে ২০১০ সালে ভারতে রাষ্ট্রীয় সফর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঢাকা সফর করেন ২০১৫ সালে।