শুধুমাত্র দেশে নয়— বিদেশেও যারা পড়াশুনা করছে তারা যেন কেউ বিপথে না যায় এবং সন্ত্রাস-জঙ্গিবাদে জড়িয়ে না পড়ে সে বিষয়ে সজাগ থাকতে অভিভাবক-শিক্ষকসহ সকলের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত বঙ্গবন্ধু ফেলোশিপ প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
বাংলাদেশে সন্ত্রাস-জঙ্গিবাদের কোনো স্থান নেই— এর বিরুদ্ধে সরকারের দৃঢ় অবস্থানের কথা উল্লেখ করে জঙ্গিবাদবিরোধী জনমত গড়ে তুলতে বলেন প্রধানমন্ত্রী।
তিনি আরো বলেন, ছেলেমেয়েরা যাতে সন্ত্রাস-জঙ্গিবাদে জড়িয়ে না পড়ে সেজন্য সচেতনতা আরো বাড়াতে হবে।
সেইসঙ্গে দেশের সীমিত সম্পদ আরো পরিকল্পিত ও বৈজ্ঞানিকভাবে ব্যবহারের পরামর্শ দিয়ে শেখ হাসিনা বলেন, তাহলেই উন্নত ও সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে উঠবে বাংলাদেশ। বিশ্বে মাথা উঁচু করে দেশ এগিয়ে যাবে।