জাতীয় স্বার্থ ও দেশের সার্বভৌমত্বকে বিসর্জন দিতে হয় এমন কোনো চুক্তি প্রধানমন্ত্রী শেখ হাসিনা করবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয় সড়ক ভবনে ডিপ্লোমা প্রকৌশলী সমিতির ১৯তম কাউন্সিল অধিবেশনে তিনি এ কথা বলেন।
ভারত আমাদের বন্ধুপ্রতিম রাষ্ট্র তাই তাদের বিষয়ে রাজনৈতিকদলগুলোকে আরো সচেতন হয়ে বক্তব্য রাখা উচিত বলে জানান ওবায়দুল কাদের।
আগামী বর্ষা মৌসুমের আগে মহাসড়কগুলো ঠিক মতো মেরামত ও এর আশপাশ দখল মুক্ত রাখতে প্রকৌশলীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, এ বছরের মধ্যেই ভারত থেকে বাস আনার মধ্য দিয়ে গণপরিবহনের সমস্যা দূর করা হবে।
এদিকে, শিল্পকলা একাডেমিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রচার সম্পাদক হাছান মাহমুদ অভিযোগ করেন, বিএনপি-জামাত জঙ্গিদের পৃষ্ঠপোষকতা করছে।
বিএনপি -জামাতের সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে দলের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান হাছান মাহমুদ।