প্রধানমন্ত্রীশেখ হাসিনার আসন্ন ভারত সফরে হচ্ছে না তিস্তা চুক্তি— এজন্য ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক সমস্যাকে প্রধান কারণ বলে মনে করছেন পানি সম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ।
মঙ্গলবার রাজধানীতে এক আলোচনায় এ কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, তিস্তার পানি বণ্টন ইস্যুর সুরাহা সময় সাপেক্ষ বিষয়; এতে বাংলাদেশের কূটনৈতিক ব্যর্থতা নেই।
তবে, শিগগিরই এর সমাধান হবে বলেও আশাবাদ ব্যক্ত করে গঙ্গায় বাঁধ দেয়ার বিষয়েও ভারতের সঙ্গে আলোচনা চলছে বলেও জানান মন্ত্রী।
ভারতের সঙ্গে বিবাদমান বিষয়গুলোর অন্যতম তিস্তার পানি বণ্টন ইস্যু। শুষ্ক মৌসুমে পানির অভাবে দেশের উত্তরাঞ্চলের কৃষক পড়েন ক্ষতির মুখে।
তিস্তা চুক্তি নিয়ে ভারতের সঙ্গে অনেক দেন দরবারের পরও বিষয়টি এখনো আটকে আছে খসড়া পর্যায়েই। বেশ কয়েকবার চুক্তি সইয়ের উদ্যোগ নেয়া হলেও তা আলোর মুখ দেখেনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন ভারত সফরে তিস্তা চুক্তি চূড়ান্ত হতে পারে- এমন আশা ছিল সব মহলেই। তবে, এ সফরেও যে তা হচ্ছে না একথা স্পষ্ট জানিয়ে দেন পানি সম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ।
দুপুরে রাজধানীতে এক গোলটেবিল আলোচনায় তিনি এ তথ্য জানিয়ে ভারতের অভ্যন্তরীণ রাজনীতিই এর প্রধান কারণ বলে তিনি মনে করেন।
তবে এটিকে ঢাকার কূটনৈতিক ব্যর্থতা বলে মানতে নারাজ মন্ত্রী। তার আশা, শিগগিরই বিষয়টির সুরাহা হবে।
দৈনিক ভোরের কাগজ কার্যালয়ে ওই গোলটেবিল আলোচনায়, গঙ্গায় বাঁধ নিয়েও ভারতের সঙ্গে আলোচনা চলছে বলে জানান পানি সম্পদ মন্ত্রী।