গণহত্যা দিবস হিসেবে ২৫শে মার্চের আন্তর্জাতিক স্বীকৃতির জন্য জাতিসংঘের কাছে এ মাসেই আবেদন পাঠাবে বাংলাদেশ জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় আ ক ম মোজাম্মেল হক।
এ সময় তিনি বলেন, গণহত্যা দিবসে নানা কর্মসূচির পরিকল্পনা করা হলেও এবার সময় স্বল্পতার কারণে সেগুলো করা সম্ভবপর হচ্ছে না।
বৃহস্পতিবার সকালে সচিবালয়ে ২৫শে মার্চ গণহত্যা দিবসে রাষ্ট্রীয় কর্মসূচি তুলে ধরে সংবাদ সম্মেলনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী।
তিনি বলেন, এদিন সকালে গণহত্যার উপর দুর্লভ আলোকচিত্র প্রদর্শনী ও আলোচনা সভার আয়োজন করা হবে সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তনে।
এছাড়াও সকল জেলা, উপজেলায় আলোচনা সভা এবং গণহত্যা ও মুক্তিযুদ্ধ বিষয়ক গীতিনাট্য, সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিবসটি পালন করা হবে বলে জানান তিনি।
মোজাম্মেল হক বলেন, ২৫শে মার্চ পাকিস্তানি হানাদার বাহিনীর অত্যাচারের ইতিহাস জাতির সামনে জাগ্রত রাখতে এ দিনটি স্মরণ করা হবে, এতে ইতিহাস বিকৃতি রোধ করা যাবে।
মন্ত্রী আরও বলেন, সময় স্বল্পতার কারণে এবার বিদেশে বিভিন্ন দূতাবাসে দিনটি উদযাপনে কোন কর্মসূচি পালনের নির্দেশনা দেয়া সম্ভব হয়নি।