কঠোর হস্তে জঙ্গিবাদ দমন করা হবে বলে হুঁশিয়ার করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিপথগামীরা সুপথে ফিরে এলে সব ধরনের সহযোগিতা করবে সরকার বলে জানান তিনি।
স্বাধীনতা দিবস উপলক্ষে রোববার রাজধানীর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আয়োজিত শিশু-কিশোর সমাবেশে তিনি এ কথা বলেন।
উন্নত জীবনের জন্য শিশু-কিশোরদের মন দিয়ে লেখাপড়া করার আহ্বানও জানান প্রধানমন্ত্রী।
পরে সমাবেশে শিশুদের উদ্দেশ্যে দেয়া ভাষণে শেখ হাসিনা বলেন, সন্ত্রাস-মাদক-জঙ্গিবাদের বিরুদ্ধে অভিযান চলবে।
সন্ত্রাস-জঙ্গিবাদ বা আত্মহননের পথ থেকে সুপথে আসতে সকলের প্রতি আহ্বান জানান তিনি।
স্বাধীনতার মহানায়ক জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান উল্লেখ করে তিনি ভবিষ্যত দেশ পরিচালনার জন্য নিজেদের প্রস্তুত করতে পড়াশুনায় মনযোগ দেয়ার পাশপাশি অভিভাবক ও শিক্ষকদের দিক নির্দেশনা মেনে চলতে বলেন শিশু-কিশোরদের।
পরে শিশু-কিশোরদের প্যারেডের সালামগ্রহণ করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিশু কিশোরদের মনোমুগ্ধকর ডিসপ্লে উপভোগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ আগে জাতীয় পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন তিনি। উদ্বোধন শেষে পায়ে হেঁটে সমাবেশ পরিদর্শন করেন প্রধানমন্ত্রী।