মৌলভিবাজারের দুই জঙ্গি আস্তানায় নারী জঙ্গিসহ বড় কোনো জঙ্গি নেতা থাকতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বুধবার সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আসাদুজ্জামান খান কামাল বলেন, মৌলভীবাজারের শহরের আস্তানাটিতে ৩-৪ জন এবং নাসিরপুরের আস্তানায় আরো ২-৪ জন বেশি জঙ্গি থাকতে পারে। এর মধ্যে ২-১ নারীও থাকতে পারে। ঢাকা থেকে সোয়াট ও বোমা নিষ্ক্রিয়কারী ইউনিট যাচ্ছে ঘটনাস্থলে আর তারা পৌঁছালেই অভিযান শুরু হবে। প্রয়োজনে সেনাবাহিনী ডাকা হবে।
সেখানে জঙ্গিদের বিশেষ কেউ রয়েছে কিনা-জানতে চাইলে মন্ত্রী বলেন, হয়তো বড় কেউ থাকতে পারে তবে এখনই বলতে পারছি না। সেখানে গোলাগুলি হচ্ছে। পুলিশের বিশেষ ইউনিট সোয়াট বাহিনী রওনা হয়েছে।
সিলেটের মতো এ অভিযানে সেনাবাহিনীর সহায়তা নেয়া হবে কি-না? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যদি প্রয়োজন হয় নেয়া হবে তবে সোয়াট বাহিনীই যথেষ্ট।
সিলেট অঞ্চলেই কেন বারবার জঙ্গিদের আস্তানা পাওয়া যাচ্ছে— এমন প্রশ্নের উত্তরে আসাদুজ্জামান খান সাংবাদিকদের বলেন, রাজনৈতিক আশ্রয় প্রশ্রয়ও থাকতে পারে। সিলেটেও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ বাড়ি ঘেরাও করা হয়েছিল। মৌলভীবাজারেও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২টি বাড়ি শনাক্ত করা হয়েছে। সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘেরাও করে রেখেছে।