আওয়ামী লীগ জনগণের সংগঠন— নৌকায় ভোট দিলে দেশের মানুষের উন্নয়ন হয় আর বিএনপি ক্ষমতায় থাকলে লুটপাট করে বলে মন্তব্য করেছেন দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি এ কথা বলেন।
বিএনপি জামাত জোট সরকারের সমালোচনা করে তাদের অত্যাচার ও নির্যাতনের চিত্র তুলে ধরেন শেখ হাসিনা বলেন, তাদের শাসনামলেই দেশে জঙ্গিবাদের উত্থান হয়েছিল।
এ সময় শিক্ষার্থীদের জঙ্গি-সন্ত্রাস ও মাদক থেকে দূরে থাকার কথা বলেন জানিয়ে তিনি আরো বলেন, ছেলে-মেয়েরা যেন জঙ্গি ও সন্ত্রাসের পথে না যায় সেদিকে খেয়াল রাখতে অভিভাবক, শিক্ষক, ইমামসহ সবাইকে সজাগ থাকাতে হবে।
বক্ত্যব্যের শেষে ২০১৯ সালের নির্বাচনের জন্য নৌকায় ভোট চেয়ে শেখ হাসিনা বলেন, ঢাকা বিভাগকে ভেঙে রাজবাড়ী, শরীয়তপুর মাদারীপুর, ফরিদপুর ও গোপালগঞ্জ নিয়ে নতুন বিভাগ করা হবে।
এ সময় দেশের উন্নয়নে আবারো নৌকায় ভোট দিতে ফরিদপুরবাসীর প্রতি আহ্বান জানান তিনি।
এর আগে বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে ফরিদপুর পৌঁছান। পরে বিকেলে ২০টি প্রকল্পের উদ্বোধন ও ১২টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।