ঢাকায় শুরু হচ্ছে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) ১৩৬তম সম্মেলন। শনিবার সন্ধ্যায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্পিকার, সংসদ সদস্যসহ ১৩১টি দেশের ১ হাজার ৩৫৫ জন প্রতিনিধি এতে যোগ দিচ্ছেন।
আইপিইউ সভাপতি সাবের হোসেন চৌধুরী এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, একাত্তরের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি, জঙ্গিবাদ মোকাবেলার কৌশল এবং বৈষম্যহীন সমাজ গড়ায় পার্লামেন্ট সদস্যদের ভূমিকা সম্মেলনের আলোচনায় গুরুত্ব পাবে। আইপিইউ'র ইতিহাসে এটি প্রথম সবুজ সম্মেলন।
স্বাধীনতার পর প্রথমবারে মতো ঢাকায় শুরু হচ্ছে বিভিন্ন দেশের পার্লামেন্টের আন্তর্জাতিক সংগঠনের (আইপিইউ) ১৩৬তম সম্মেলন। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনের মধ্যে দিয়ে পর্দা উঠবে উচ্চ মর্যাদা সম্পন্ন এ আন্তর্জাতিক সম্মেলনের।
এবারের সম্মেলনের প্রতিপাদ্য, রিড্রেসিং ইনইকুয়ালিটিস, ডেলিভারিং অন ডিগনিটি আ্যান্ড ওয়েল বিং ফর অল। ৫ দিন ব্যাপী এ সম্মেলনে বিভিন্ন দেশ থেকে ৫৩ জন স্পিকার, ৪০ জন ডেপুটি স্পিকার, ৬৮৭ জন সংসদ সদস্যসহ প্রায় দেড় হাজার প্রতিনিধি অংশ নিচ্ছে।
এর আগে শুক্রবার এ নিয়ে এক সংবাদ সম্মেলনে আইপিইউ সভাপতি সাবের হোসেন চৌধুরী জানান, এ সম্মেলন বিশ্বের বুকে বাংলাদেশকে অনন্য মর্যাদায় আসীন করবে। অর্থনৈতিক, সামাজিক এবং রাজনৈতিক বৈষম্য কমিয়ে আনায় পার্লামেন্টারিয়ানরা কী ভূমিকা রাখতে পারেন তা নিয়ে সম্মেলনে আলোচনা হবে।
সম্মেলনে ২৫ মার্চ গণহত্যা দিবস নিয়ে বিশ্বব্যাপী জনমত তৈরিতে বাংলাদেশের এমপিরা এ সুযোগ কাজে লাগাবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন সাবের চৌধুরী।