ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন-আইপিইউ-এর সম্মেলনে যোগ দেয়া বিভিন্ন দেশের সংসদ সদস্যরা বাংলাদেশের আতিথেয়তায় মুগ্ধ। তারা এ দেশের সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য এবং মানুষের প্রাণচাঞ্চল্যের ভূয়সী প্রশংসা করেছেন।
বলেছেন, বার বার এ দেশে আসতে চান তারা। সন্তোষ প্রকাশ করেছেন সন্ত্রাস দমনে বাংলাদেশের জিরো টলারেন্স নীতির।
আবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে সংঘটিত একুশে আগস্ট গ্রেনেড হামলার বিচার শেষ না হওয়ায় গভীরভাবে উদ্বিগ্ন তারা। আইপিইউর কমিটি অন দ্য হিউম্যান রাইটস্ অব পার্লামেন্টারিয়ানের সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ১৩৬তম ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন-আইপিইউ'র সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের পার্লামেন্টের প্রায় দেড় হাজার এমপি, মন্ত্রী ও কর্মকর্তারাও অংশ নেন। পাঁচ দিনব্যাপী সম্মেলনের পাশাপাশি সম্মেলনকে ঘিরে মেলা ও প্রদর্শনীর মধ্য দিয়ে তারা বাংলাদেশের সংস্কৃতি, ইতিহাস, পোশাক পরিচ্ছেদ, মানুষের জীবন ধারা সম্পর্কেও জেনেছেন। সেসব বিষয় তুলে ধরেছেন সমাপনী বক্তৃতায়।
বাংলাদেশের আতিথেয়তার প্রশংসা করে উগান্ডার স্পিকার রেবেকা কাদাক বলেন, এবারের ঢাকা সফর বাংলাদেশ সম্পর্কে তার ধারনা পাল্টে দিয়েছে। বিশেষ করে নারী-পুরুষ সমতা, অর্থনৈতিক উন্নয়ন, মানুষের জীবন-যাপন, সামাজিক আচরণ সবই অন্যরকম।
দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের জাতীয় সংসদে অনেক সদস্য দেখা গেছে বলে উল্লেখ করেছেন আরেক উগান্ডার মাওরিন।
উন্নত বিশ্বের সঙ্গে তাল মেলাতে এর অনেক দরকার বলে মন্তব্য করেন উগান্ডার এমপি মাওরিন অশ্রু।
এছাড়াও বাংলাদেশের ক্রিকেট, জিডিপি, সন্ত্রাস দমনে পদক্ষেপের প্রশংসা করেছে, সুইজারল্যান্ড, আফ্রিকা, নরওয়ে, কিউবা, ভারতের পার্লামেন্ট সদস্যরা।
বুধবার সম্মেলনে অধিবেশনের বাইরে মানবাধিকার পরিস্থিতি নিয়ে সংবাদ ব্রিফিং করে আইপিইউ'র কমিটি অন দ্য হিউম্যান রাইটস্ অব পার্লামেন্টারিয়ান"। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে একুশে আগস্ট গ্রেনেড হামলার বিচার না হওয়ায় গভীর উদ্বেগও প্রকাশ করেছেন তারা। একইসঙ্গে বিশ্বে যে সাড়ে চারশো এমপি বিভিন্ন হামলা মামলায় আটক রয়েছেন তাদের বিষয়েও আইপিইউ কাজ করবে বলে জানান কমিটির সভাপতি ফৌজিয়া কফি।