বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নয়াদিল্লিতে রাইসিনা হিলে রাষ্ট্রপতি ভবনে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার স্থানীয় সময় সকাল পৌনে ১০টায় গার্ড অব অনারের মধ্য দিয়ে শুরু হয় শেখ হাসিনার ভারত সফরের আনুষ্ঠানিক পর্ব। এরপর রাজঘাটে মহাত্মা গান্ধির সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
সফরের দ্বিতীয় দিনে নয়াদিল্লির রাইসিনা হিলে রাষ্ট্রপতি ভবনে সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গার্ড অব অনার দেওয়া হয়। বাজানো হয় দুই দেশের জাতীয় সঙ্গীত। পরে শেখ হাসিনাকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
এরপর রাজঘাটে মহাত্মা গান্ধির সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানের পরের পর্বে শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি হিন্দি ভাষায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনীর’ মোড়ক উন্মোচন করবেন।
দুপুরে তার সম্মানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেয়া মধ্যাহ্নভোজে যোগ দেবেন প্রধানমন্ত্রী। ভোজে আরো যোগ দেবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তার সঙ্গেও কথা হবে প্রধানমন্ত্রীর।
বিকেলে শেখ হাসিনা দিল্লি সেনানিবাসের মানেক শ' সেন্টারে মুক্তিযুদ্ধে শহীদ ভারতীয় সশস্ত্র বাহিনীর সাত সদস্যের পরিবারের হাতে মুক্তিযুদ্ধ সম্মাননা তুলে দেবেন। ওই অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তৃতা দেবেন নরেন্দ্র মোদি।
পরে দ্বিতীয় দিনের শেষ কর্মসূচিতে রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের উপরাষ্ট্রপতি হামিদ আনসারির সঙ্গে তার বাসভবনে দেখা করতে যাবেন।