একাত্তরে মহান মুক্তিযুদ্ধে শহীদ ভারতীয় বীরযোদ্ধাদের সম্মাননা জানালো বাংলাদেশ। শনিবার স্থানীয় সময় বিকেলে নয়াদিল্লি সেনানিবাসে মানেক স' সেন্টারে এক অনুষ্ঠানে শহীদদের স্বজনদের হাতে এ সম্মাননা তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ সময় শেখ হাসিনা বলেন, প্রথম দফায় সাত শহীদের পরিবারের হাতে তুলে দেয়া হয়েছে। পর্যায়ক্রমে বাকি শহীদদেরকেও সম্মাননা প্রদান করা হবে।
মুক্তিযুদ্ধের সময় ভারত রাষ্ট্র ও এর জনগণের অবদানের কথা স্মরণ করে কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ভারতের সেনাদের রক্তের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছে।
অনুষ্ঠানে মুক্তিযুদ্ধে শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে তাদের সম্মান প্রদর্শন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, বাংলাদেশ জন্মের গল্পটি অনেক আত্মত্যাগের। আগামী ৫ বছরে পর্যায়ক্রমে ১০ হাজার মুক্তিযোদ্ধার সন্তানদের ভারত সফরে মাল্টিপল ভিসা ও ১০ হাজার মুক্তিযোদ্ধার সন্তানকে ভারতে ফ্রি চিকিৎসাসেবা প্রদান করা হবে।
এর আগে স্বাধীনতার ৪০ বছর পূর্তিতে মুক্তিযুদ্ধে অবদান রাখা বিভিন্ন দেশের ৩৪০ জন বিশিষ্ট নাগরিককে ২০১১ সাল থেকে কয়েক পর্বে সম্মাননা দেওয়া হয়েছে। এবার বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারতের বিভিন্ন বাহিনীর ১ হাজার ৯৮৪ জন শহীদকে সম্মানিত করার উদ্যোগ নেয় সরকার।
এর অংশ হিসেবে বিকেলে প্রথম দফায় নয়াদিল্লির মানেক স' সেন্টারে ৭ ভারতীয়র স্বজনদের হাতে সম্মাননা তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ধাপে ধাপে বাকিদেরকে বিভিন্ন অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হবে।
বক্তব্যের পর দুই প্রধানমন্ত্রী শহীদদের স্বজনদের সঙ্গে ছবি তোলেন।