পহেলা বৈশাখ ও মঙ্গল শোভাযাত্রার সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই বরং এ নিয়ে যারা বিভ্রান্তি ছড়াচ্ছে তারা ভুল করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া পহেলা বৈশাখে ইলিশ মাছ না খেতে দেশবাসীকে আবারো অনুরোধও জানান তিনি।
বুধবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে নরসিংদী জেলা পরিষদের নববির্বাচিত চেয়ারম্যান আব্দুল মতিন ভূঁইয়ার শপথগ্রহণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
শপথগ্রহণ শেষে বাংলা নববর্ষ উদযাপন প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, পহেলা বৈশাখ ও মঙ্গল শোভাযাত্রার সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই বরং এগুলো দেশের সংস্কৃতি, কৃষ্টি ও আচার আচরণের প্রতিফলন। এ নিয়ে যারা বিভ্রান্তি ছড়াচ্ছে তারা ভুল করছে।
এ সময় পহেলা বৈশাখে ইলিশ মাছ না খেতে দেশবাসীর প্রতি আবারো আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী বলেন, পহেলা বৈশাখের সঙ্গে ইলিশ মাছ খাওয়ার কোনো সংযোগ নেই।
গত বছরও পহেলা বৈশাখে ইলিশ মাছ খাওয়ার বিরুদ্ধে জনসচেতনতা তৈরিতে নিজের খাদ্য তালিকায় জাতীয় এ মাছটি রাখেননি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবারও ইলিশ খাবেন না বলে জানান তিনি।