নতুন প্রজন্ম যেন মুক্তি সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাস ভুলে না যায়— সে দিকে নজর দিতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার রাজধানীতে মুক্তিযুদ্ধ জাদুঘরের নবনির্মিত ভবনের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রতিটি জেলা-উপজেলায় মুক্তিযুদ্ধ জাদুঘর করার কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস ছড়িয়ে দিতে এ জাদুঘর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
একাত্তরের পটভূমি তুলে ধরে শেখ হাসিনা বলেন, পঁচাত্তরে বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যার মধ্য দিয়ে শুরু হয় মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলার অপচেষ্টা। ইতিহাস বিকৃতির পাশাপাশি আলবদর-রাজাকারদের মুক্ত করে রাজনৈতিক, সামাজিকভাবে প্রতিষ্ঠিত করে তখনকার শাসকগোষ্ঠী।
মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গঠনের প্রত্যয় নিয়ে আওয়ামী লীগ দেশ গঠনের দায়িত্ব নেয় উল্লেখ করে তিনি বলেন, সে উদ্দেশ্য বাস্তবায়নে এ জাদুঘর গুরুত্বপূর্ন ভূমিকা রাখতে পারে।
প্রজন্ম থেকে প্রজন্ম যেন মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে পারে, সে জন্য উদ্যোগ নিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।
বঙ্গবন্ধু হত্যা ও পরবর্তীতে যুদ্ধাপরাধীদের বিচারের মুখোমুখি করা জনগণের সহযোগীতা ছাড়া সম্ভব ছিল না বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। এ জন্য দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
এ সময় মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণে দেশের বিভিন্ন স্থানে স্মৃতিস্তম্ভ বা জাদুঘর নির্মানের কথা জানান প্রধানমন্ত্রী।