মুক্তিযোদ্ধা, সুরকার, সঙ্গীত পরিচালক লাকী আখান্দকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন সমাজের সর্বস্তরের মানুষ। প্রখ্যাত এ শিল্পীকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে বৃষ্টি উপেক্ষা করেই সকাল থেকে শহীদ মিনারের ভিড় করেন বিশিষ্টজনেরা।
সকাল সাড়ে ১১টার দিকে লাকী আখান্দের মরদেহ নেয়া হয় শহীদ মিনারে। নির্বাহী ম্যাজিস্ট্রেট রবীন্দ্র চাকমার নেতৃত্বে গার্ড অব অনার দেয়া হয় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী ও এ মুক্তিযোদ্ধাকে।
পরে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের শ্রদ্ধা নিবেদন শেষে শ্রদ্ধা নিবেদন করেন সর্বস্তরের মানুষ। শহীদ মিনার থেকে মরদেহ নিয়ে যাওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে। সেখানে দ্বিতীয় জানাজা শেষে লাকী আখান্দের মরদেহ মিরপুর নিয়ে যাওয়া হয়। বুদ্ধিজীবী কবরস্থানেই দাফন করা হবে বরেণ্য এ শিল্পীকে।
এর আগে সকাল ১০টায় রাজধানীর আরমানিটোলা মাঠে তার নামাজে জানাজা সম্পন্ন হয়।
ফুসফুসের ক্যানসারের চিকিৎসা দীর্ঘদিন ধরে চলছিল। টানা আড়াই মাস হাসপাতালে চিকিৎসাধীন শেষে গত সপ্তাহে আরমানিটোলার নিজ বাসায় ফিরেছিলেন এ শিল্পী।
শুক্রবার দুপুরে তার শরীরের অবনতি ঘটে। দ্রুত নিয়ে যাওয়া হয় রাজধানীর মিটফোর্ড হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬১।
জানা গেছে, দুপুরে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে দ্রুত তাকে নিয়ে যাওয়া হয় মিটফোর্ড হাসপাতালে। পরে সেখানকার চিকিৎসকেরা শিল্পীকে মৃত ঘোষণা করেন।