ভাষ্কর্য ইস্যুতে যেন সুপ্রিম কোর্ট কলুষিত না হয় সেবিষয়ে সকলের নজর রাখা উচিত— এ মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।
মঙ্গলবার রাজধানীর জুডিশিয়াল ট্রেনিং ইন্সটিটিউটে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) আয়োজিত প্রশিক্ষণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
আনিসুল হক বলেন, সুপ্রিম কোর্ট প্রাঙ্গন থেকে ভাষ্কর্য সরানোর সিদ্ধান্ত নেবেন প্রধান বিচারপতি। এ ভাস্কর্য ঘিরে যেন কোনো ধরনের অরাজকতা তৈরি না হয় সে বিষয়েও সতর্ক থাকতে হবে।
এর আগে আন্তর্জাতিক শ্রম সংস্থার ন্যাশনাল ট্রেনিং কোর্স অন দ্যা ইন্টারন্যাশনাল লেবার স্ট্যান্ডার্ডস অ্যান্ড লেবার লেজিসলেশন ফর জাজেস অ্যান্ড জুডিসিয়াল অফিসার্স শীর্ষক কর্মশালার উদ্বোধন করেন আইনমন্ত্রী।
অনুষ্ঠানে আরো অংশ নেন শ্রম প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক, আইন সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক, বিচার প্রশাসন ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক বিচারপতি খন্দকার মূসা ফারুখ, আন্তর্জাতিক শ্রম সংস্থার কান্ট্রি ডিরেক্টর শ্রীনিবাস বি রেড্ডি, সুইডেনের রাষ্ট্রদূত জোহান ফিসেল প্রমুখ।