দুর্গত হাওর অঞ্চলের পরিস্থিতি মোকাবেলায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে। ত্রাণ মন্ত্রী মোফাজ্জেল হোসেন চৌধুরী মায়া সাংবাদিকদের বলেন, পরিস্থিতি ঠিক না হওয়া পর্যন্ত সকল কর্মকর্তারা দায়িত্ব পালন করবেন।
বুধবার হাওর অঞ্চল পরিদর্শন করে গিয়ে সেখানকার পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জেল হোসেন চৌধুরী মায়া বলেন, এরইমধ্যে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে ত্রাণ সহায়তা পৌঁছে দেয়া হয়েছে। পরবর্তী ফসল না ওঠা পর্যন্ত সরকার কৃষকদের এই সহায়তা দেবে।
আর দুর্যোগ কবলিত হাওরের পরিস্থিতি ঠিক না হওয়া পর্যন্ত মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের ছুটি বাতিলের কথা জানান তিনি।
হাওরে ক্ষতিগ্রস্তদের জন্য আগামী এক বছর বিদ্যুৎ বিল মওকুফ করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে চিঠি দেয়া হবে বলেও জানান মন্ত্রী। একইসঙ্গে যেসব এনজিও কৃষকদের ঋণ দিয়েছে, এক বছর কিস্তি আদায় বন্ধ রাখতেও তাদের প্রতি তিনি অনুরোধ জানান।
এদিকে হাওর এলাকার পরিস্থিতি নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। বলেন, কিছু ব্যবসায়ী কৃত্রিম সঙ্কট তৈরি করার চেষ্টা করছে। এ ধরনের পরিস্থিতি সামাল দেওয়ার সবধরনের প্রস্তুতি সরকারের আছে বলেও জানান তিনি। রাজধানীতে খাদ্য ও কৃষি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।