সরকার বিচারবিভাগের সঙ্গে বিমাতাসুলভ আচরণ করে থাকে বলে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা যে অভিযোগ করেছেন তা নাকচ করে দিলেন আইনমন্ত্রী আনিসুল হক।
আইনগত সহায়তা দিবস উপলক্ষ্যে বুধবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
প্রধান বিচারপতি বক্তব্যকে দুঃখজনক বলে উল্লেখ করেছেন তিনি বলেন, বিচারপতিদের জনসমক্ষে সব বিষয়ে কথা বলা উচিত নয়।
আইন মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে সরকার ও বিচার বিভাগের সম্পর্ক আর এ প্রসঙ্গে প্রধান বিচারপতির বক্তব্য নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন আইনমন্ত্রী বলেন, সরকার ও বিচার বিভাগের মধ্যে কোনও বিভেদ বা দূরত্ব নেই। বর্তমান সরকার বিচারকদের বেতন-আবাসন থেকে শুরু করে সব ধরনের সুযোগ সুবিধা দিয়েছে।
প্রধান বিচারপতির এ ধরনের বক্তব্য দেওয়া উচিত নয় বলেও মনে করেন আনিসুল হক। কোনো ক্ষোভ-অসন্তোষ থাকলে সরকারের সঙ্গে আলোচনা করে সমাধানের কথা বলেন তিনি।
আইনগত সহায়তা দিবস উপলক্ষ্যে আয়োজিত এ সংবাদ সম্মেলনে, দেশের দরিদ্র ও অসচ্ছল মানুষ যাতে আইনি সহায়তা পেতে পারে সেজন্য সরকারের নানা উদ্যোগ তুলে ধরেন মন্ত্রী।
এর আগে মঙ্গলবার হবিগঞ্জে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেন, সব সরকারের আমলেই বিচারবিভাগের ওপর বিমাতাসুলভ আচরণ করা হয়। আমলাতন্ত্র সব সময় বিচারবিভাগকে প্রতিদ্বন্দ্বী মনে করে বলেও মন্তব্য করেন তিনি।