আইন-শৃঙ্খলা বাহিনীর সক্রিয়তার কারণেই হোলি আর্টিজান ও শোলাকিয়ার পর জঙ্গিরা দেশে বড় ধরনের কোনো সহিংসতার ঘটনা ঘটাতে পারেনি বলে জানিয়েছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইউনিটের প্রধান মনিরুল ইসলাম।
শনিবার সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
খুব দক্ষতার সঙ্গে অভিযান ২টি সম্পন্ন করা হয়েছে দাবি করে চাপাইনবাবগঞ্জে নিহত জঙ্গি আবদুল্লাহ ঝিনাইদহ থেকে পালিয়ে গিয়েছিল বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
ইসলামের ভুল ব্যাখা দিয়ে জঙ্গিদের আত্মহনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে জানিয়ে মনিরুল ইসলাম দাবি করেন, আইন শৃঙ্খলাবাহিনীর সক্রিয়তার কারণেই হোলি আর্টিজান ও শোলাকিয়ার পর জঙ্গিরা সারাদেশে বড় ধরনের কোনো সহিংসতার ঘটনা ঘটাতে পারেনি।
জঙ্গিদের অর্থ যোগানদাতাদের এখনো খুঁজে বের করা সম্ভব হয়নি উল্লেখ করে জঙ্গিবাদকে রুখতে সকল এগিয়ে আসার আহবান জানানো হয় সংবাদ সম্মেলনে।
এদিকে, জঙ্গি আস্তানা সন্দেহে গত ২২ এপ্রিল ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি গ্রামের একটি বাড়িতে অভিযান চালায় পুলিশের কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট।
অভিযান থেকে কাউকে গ্রেপ্তার করা না গেলেও জঙ্গি আস্তানা থেকে ৩টি সুইসাইডাল ভেস্ট, ৬টি বোমা, একটি বিদেশি পিস্তল, ৭ রাউন্ড গুলি, ১৫টি জিহাদী বই, বিপুল সংখ্যক বিস্ফোরক ও কেমিকেল ভর্তি ২০টি কন্টেইনার উদ্ধার করা হয়।
আর ২৯ এপ্রিল চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়িতে অভিযানে রফিকুল আলম আবুসহ ৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়। জীবিত উদ্ধার করা হয় এক নারী ও শিশুকে।