হোলি আর্টিজানে জঙ্গি হামলার কারণে মেট্রোরেল প্রকল্পের কাজ কিছুটা বাধাগ্রস্ত হলেও ২০১৯ সালের ডিসেম্বরের মধ্যেই এ প্রকল্পের কাজ শেষ হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বুধবার রাজধানীতে এক হোটেলে আয়োজিত অনুষ্ঠানে ওবায়দুল কাদের বলেন, প্রকল্প বাস্তবায়নের সময় যাতে জনদুর্ভোগ সহনশীল পর্যায়ে থাকে সে বিষয়টি দেখা হবে।
আগামী জাতীয় নির্বাচন সংবিধান অনুযায়ীই হবে উল্লেখ করে মন্ত্রী জানান নিজেদের অস্তিত্ব রক্ষার্থেই বিএনপি এই নির্বাচনে অংশ নেবে।
বর্তমান সরকারের মেগা প্রজেক্ট মেট্রোরেল প্রকল্পটি মোট ৮টি প্যাকেজে বাস্তবায়িত হচ্ছে। এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে প্রায় ২২ হাজার কোটি টাকা।
এদিকে, সকালে মেট্রোরেল নির্মাণ প্রতিষ্ঠান ডিএমটিসিএল এর সঙ্গে যৌথভাবে ইটালিয়ান-থাই ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড ও সিনিহাইড্রো কর্পোরেশন লিমিটেডের মধ্যে প্রকল্পের কন্ট্রাক্ট প্যাকেজ-২,৩,৪ এর চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সময়মতো এ প্রকল্পের কাজ শেষ হবে কিনা জানতে চাইলে মন্ত্রী বলেন, হোলি আর্টিজানে জঙ্গি হামলার কারণে প্রকল্পের কাজ কিছুটা বাধাগ্রস্ত হলেও সময়মতো কাজ শেষ করা যাবে। এ প্রকল্পের কারণে জনদুর্ভোগ যাতে কম হয় সেদিকে নজর রাখা হবে।