সরকার ভারতের সঙ্গে দেশবিরোধী কিংবা কোনো গোপন চুক্তি করেনি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সংসদ অধিবেশনে নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে তিনি বলেন, আওয়ামী লীগ নয় বরং বিএনপিই চীনের সঙ্গে জনগণকে না জানিয়ে প্রতিরক্ষা চুক্তি করেছিল।
সরকার ভারতের সঙ্গে যেসব চুক্তি বা সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে, তা জনগনের কল্যাণেই বলে প্রধানমন্ত্রী জানান। আরেক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ২০১৪ সালের নির্বাচন যে আন্তর্জাতিকভাবে স্বীকৃত তার অন্যতম প্রমাণ বাংলাদেশের আইপিইউ আর সিপিএ'র নেতৃত্বে থাকা।
সংসদ অধিবেশনে নির্ধারিত প্রশ্নোত্তর পর্বের শুরুতেই গত মাসে ভারত সফর সংক্রান্ত প্রশ্নের জবাব দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
চুক্তি, সমঝোতা স্মারকসহ ভারত সফরের বিস্তারিত সংসদে তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ভারতের সঙ্গে চুক্তি বা সমঝোতা নিয়ে বিএনপি যেসব বক্তব্য দিয়েছে তা সঠিক নয়।
শুধু ভারত নয়, বিশ্বের অনেক দেশের সঙ্গেই বাংলাদেশের প্রতিরক্ষা বিষয়ে চুক্তি রয়েছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, সব চুক্তি বা সমঝোতাই হয়েছে দেশ ও জনগণের স্বার্থে।
রাজধানীতে অনুষ্ঠিত সবচেয়ে বড় আইপিইউ সম্মেলন নিয়েও প্রশ্নের জবাব দেন প্রধানমন্ত্রী বলেন, ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচন যে আন্তর্জাতিকভাবে স্বীকৃত তার বড় প্রমাণ আইপিইউ এ সিপিএ নির্বাচনে বাংলাদেশের জয়ী হওয়া।
যারা বিরূপ কথা বলছেন, না জেনেই তা করছেন বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। আইপিইউ সম্মেলনকে বাংলাদেশের গণতন্ত্রের জন্য একটি মাইলফলক হিসেবে উল্লেখ করেন তিনি।