বাণিজ্যিক ব্যাংকের পরিচালকদের টানা তিন মেয়াদের দায়িত্ব পালনের সুযোগ দিতে আইন সংশোধনের প্রস্তাবে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সংসদে এ আইন পাস হলে একটি ব্যাংকে এক পরিবারের সর্বোচ্চ ৪ জন সদস্য একইসঙ্গে পরিচালক থাকার সুযোগ পাবেন।
সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠকে ব্যাংক কোম্পানি আইনের সংশোধনী খসড়ায় নীতিগত অনুমোদন দেয়া হয়। এছাড়া বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টির লক্ষ্যে "ওয়ান স্টপ সার্ভিস" আইনের খসড়ায়ও নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
বর্তমান ব্যাংক কোম্পানী আইনে বাণিজ্যিক ব্যংকের পরিচালকরা তিন বছর করে দুই মেয়াদে টানা ছয় বছর পরিচালক থাকতে পারেন। দুই মেয়াদ শেষে তিন বছর বিরতি দিয়ে আবারো তিন বছরের জন্য পরিচালক হতে পারেন। আইন সংশোধন হলে তিন বছর করে টানা নয় বছর তারা পরিচালক থাকতে পারবেন।
নয় বছর পরে তিন বছর বিরতি দিয়ে আবার নয় বছর থাকার সুযোগ পাবেন। একইসঙ্গে পরিচালনা পর্ষদে এক পরিবারের দুই সদস্যের বদলে এখন চারজন পরিচালক পদে থাকতে পারবেন। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এই আইনের সংশোধনী খসড়ায় নীতিগত অনুমোদন দেয়া হয়।
পরে ব্রিফিং-এ মন্ত্রি পরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এ বিষয়ে সাংবাদিকদের বিস্তারিত জানান।
এদিকে, বিনিয়োগের দিক থেকে বিশ্বের ১৮৮ দেশের মধ্যে ১৭৬ নম্বরে যে বাংলাদেশের অবস্থান রয়েছে, তা ১শ'র মধ্যে নিয়ে আসতে চায় সরকার। এ লক্ষ্যে ‘ওয়ান স্টপ সার্ভিস’ নামে একটি নতুন বিনিয়োগ বান্ধব আইন করা হচ্ছে। যার খসড়া নীতিমালায়ও অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
এ আইনের আওতায় বিডা, বেজা, বেপজা এবং হাইটেক পার্ক এই চার প্রতিষ্ঠান মিলে একটি কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করার কথা বলা হয়েছে। এ কর্তৃপক্ষ ব্যবসা সংক্রান্ত ২৭ ক্যাটাগরিতে ১৬ ধরনের সেবা দেবে।
এছাড়াও রজমান মাসে সরকারি ও আধা-সরকারি এবং স্বায়ত্বশাসিত ও আধা-স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের জন্য সকাল ৯টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত অফিসের সময়সূচিও নির্ধারণ করা হয়েছে।