বিশ্বের সর্বত্র উগ্রবাদ- সাম্প্রদায়িকতা যেভাবে মাথাচাড়া দিয়ে উঠেছে তখন রবীন্দ্র চর্চা আরো বেশি করে প্রাসঙ্গিক হয়ে পড়েছে-বললেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ।
সোমবার নওগাঁর পতিসরে জাতীয় পর্যায়ে রবীন্দ্র জয়ন্তী উৎসবের উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, এ পরিস্থিতি থেকে উত্তরণে রবীন্দ্র চর্চার বিকল্প নেই। রবীন্দ্রনাথ বাংলা ভাষাকে বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত করে গেছেন, পৃথিবীর সমগ্র বাংলা ভাষাভাষী তার কাছে ঋণী বলেও তিনি উল্লেখ করেন।
নওগাঁর পতিসরে কবিগুরুর স্মৃতি বিজড়িত কাছারিবাড়িতে জাতীয় পর্যায়ে রবীন্দ্র জয়ন্তী উৎসবের উদ্বোধন করেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। বিকেল চারটার দিকে অনুষ্ঠানের উদ্বোধন করেন তিনি।
উদ্বোধন অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন, উগ্র মৌলবাদ ও সাম্প্রদায়িকতা বিনাশে রবীন্দ্র চর্চার বিকল্প নেই। বাঙালির মাঝে অসাম্প্রদায়িকতার বীজ বপণ করেছিলেন তিনিই।
রবীন্দ্রনাথের বিশালতা, তার সৃষ্টির মাধুর্যকে উপলব্ধি করতে রবীন্দ্রচর্চার ওপর জোর দেন রাষ্ট্রপতি।
গ্রাম ও শহরের মধ্যে শক্তি ও সম্পদের ব্যবধান কমিয়ে আনার প্রয়োজনীয়তা তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, শতবছর আগে এর সমাধানের পথ বাৎলে দিয়ে গেছেন বিশ্বকবি। এর জন্য সমাজ ও সমবায় পদ্ধতির ওপর গুরুত্ব দিতে বলেছেন।
রবীন্দ্রনাথকে অখণ্ডভাবে নয়, তাকে তার সামগ্রিক চিন্তা-চেতনা, ধ্যান-ধারণা ও দিক নির্দেশনাসহ উপস্থাপনার মাধ্যমে জাতীয় ও ব্যক্তি জীবনে প্রাসঙ্গিক করে তোলার আহ্বান জানালেন রাষ্ট্রপতি।
অনুষ্ঠানে সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জান নূর বলেন, বাংলা সাহিত্যের ভিত তৈরি করে দিয়েছেন রবীন্দ্রনাথ। সমাজ জীবনে এখনো তার উপস্থিতি-প্রভাব দেশকে চালিত করছে সুন্দরের সাধনায়। পতিসরে একটি গবেষণা কেন্দ্র গড়ে তোলার আশ্বাস দেন মন্ত্রী।