মক্কা-মদিনা যদি আক্রান্ত হয় তাহলে সৌদি আরবকে সামরিক সহায়তা দেবে বাংলাদেশ সরকার বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী।
বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর আসন্ন সৌদি আরব সফর নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
পররাষ্ট্রমন্ত্রী জানান, সৌদি বাদশার আমন্ত্রণে আরব ইসলামিক সামিটে যোগ দিতে আগামী ২০ মে সৌদি আরব যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানান, সামিটে সন্ত্রাসবাদ ও উগ্র জঙ্গিবাদের বিরুদ্ধে বাংলাদেশের সুদৃঢ় অবস্থান ও সন্ত্রাস দমনে বাংলাদেশের সাফল্য তুলে ধরবেন প্রধানমন্ত্রী।
রিয়াদের অনুষ্ঠেয় ওই শীর্ষ সম্মেলনের মূল লক্ষ্য হলো উগ্রবাদ ও সন্ত্রাসবাদ মোকাবিলায় নতুন অংশীদারিত্ব প্রতিষ্ঠা, সহনশীলতা ও নিরাপত্তা জোরদার করা।
ওই শীর্ষ সম্মেলনে আরব বিশ্ব ও অন্যান্য মুসলিম দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা যোগ দেবেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ওই সম্মেলনে যোগ দেবেন।
এছাড়াও এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিদেশে সফররত সাংবাদিকসহ সব বাংলাদেশি নাগরিকের উপর নজরদারি রাখবে সরকার।