আওয়ামী লীগ সরকারের উন্নয়নের তুলনামূলক চিত্র জনগণের কাছে তুলে ধরতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিএনপি নয়, আওয়ামী ক্ষমতায় থাকলে যে দেশের উন্নতি হয় সেটি সবাইকে জানাতে হবে।
২০তম জাতীয় সম্মেলনের সাত মাস পর শনিবার সকালে গণভবনে অনুষ্ঠিত হলো আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় তিনি এ কথা বলেন।
বাঙালি মুক্তির প্রতিটি আন্দোলন সংগ্রামে আওয়ামী লীগের ভূমিকার কথা তুলে ধরেন শেখ হাসিনা বলেন, উন্নয়ন কর্মসূচিগুলো যেন সঠিকভাবে বাস্তবায়ন হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। নিজ দলের কেউ জঙ্গিবাদে জড়িয়ে পড়লে ছাড় দেয়া হবে না।
বিএনপি যে ভিশন দিয়েছে সেগুলো বাস্তবায়নের ক্ষমতা তাদের নেই— উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নতি হয়, সেটি প্রমাণিত।
শেখ হাসিনা বলেন, বিএনপির রাজনীতি লুটপাটের রাজনীতি। আওয়ামী লীগের কাছ থেকে শিক্ষা নিয়েই ভিশন দিয়েছে দলটি।
সন্ত্রাস-জঙ্গিবাদের বিরুদ্ধে দেশের মানুষকে সোচ্চার হওয়ারও আহ্বান জানান আওয়ামী লীগের এ সভানেত্রী। জাতির জনক বঙ্গবন্ধুর আর্দশ ধারণ করে দেশসেবায় নিজেদের কাজে লাগাতে দলের নেতাকর্মীর নির্দেশনাও দেন তিনি।