আরব ইসলামিক আমেরিকান শীর্ষ সম্মেলনে যোগ দিতে রাতে সৌদি আরব যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার রাত ৮টায় রিয়াদের উদ্দেশে যাত্রা করবেন তিনি। রিয়াদের বাদশাহ আব্দুল আজিজ কনভেনশন সেন্টারে আগামীকাল এ শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে।
সম্মেলনে সন্ত্রাস-জঙ্গিবাদ মোকাবেলায় বাংলাদেশের কঠোর অবস্থান তুলে ধরবেন শেখ হাসিনা। এতে যোগ দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। এরইমধ্যে সৌদি আরব পৌঁছেছেন তিনি।
সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।
বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সউদের আমন্ত্রণে রিয়াদে অনুষ্ঠিতব্য 'আরব-ইসলামিক-আমেরিকান শীর্ষ সম্মেলনে' যোগ দিতে শনিবার রাতে সৌদি আরব যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চার দিনের সরকারি সফরে রাত ৮টায় ঢাকা ছাড়বেন তিনি।
প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী ভিভিআইপি ফ্লাইটটি বাংলাদেশ সময় রাত সোয়া ১১টার দিকে রিয়াদে বাদশাহ খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে। বিমানবন্দরে তাকে অভ্যর্থণা জানাবেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মোশি।
প্রধানমন্ত্রী রোববার রিয়াদে বাদশাহ আব্দুল আজিজ কনভেনশন সেন্টারে এআইএ শীর্ষ সম্মেলনের 'গ্লোবাল সেন্টার ফর কমবেটিং এক্সট্রিমিস্ট থট' এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন।
এ সম্মেলনের মূল লক্ষ্য উগ্রবাদ-সন্ত্রাসবাদ মোকাবিলায় নতুন অংশীদারিত্ব প্রতিষ্ঠা, সহনশীলতা ও নিরাপত্তা জোরদার। সন্ত্রাস-জঙ্গিবাদ মোকাবেলায় বাংলাদেশের কঠোর অবস্থান সম্মেলনে তুলে ধরবেন শেখ হাসিনা।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও তার প্রথম বিদেশ সফরের অংশ হিসেবে যোগ দিচ্ছেন এই সম্মেলনে। এরইমধ্যে সৌদি আরব পৌঁছেছেন তিনি।
পরে সৌদি বাদশাহর দেওয়া মধ্যাহ্ন ভোজে যোগ দেবেন হাসিনা-ট্রাম্পসহ মুসলিম বিশ্বের নেতারা।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, সম্মেলনের পাশাপাশি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী হাসিনার সাক্ষাতের সম্ভাবনা রয়েছে।
সৌদি আরব সফরকালে প্রধানমন্ত্রী মক্কায় উমরাহ পালন করবেন এবং মদিনায় মহানবী হযরত মুহাম্মদ এর রওজা মোবারক জিয়ারত করবেন। আগামী ২৩ মে দেশে ফেরার কথা রয়েছে তার।