সন্ত্রাসবাদ দমন ও বিশ্ব শান্তি স্থাপনের লক্ষ্যে ৪টি সুনির্দিষ্ট প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় রোববার সৌদি আরবের রাজধানী রিয়াদে আরব-ইসলামি-আমেরিকান- এআইএ শীর্ষ সম্মেলনে দেয়া বক্তব্যে তিনি এ প্রস্তাব তুলে ধরেন।
প্রস্তাবগুলো হলো: সন্ত্রাসীদের কাছে অস্ত্র বিক্রি ও তাদের অর্থায়ন বন্ধ করা, মুসলিম উম্মাহর বিভক্তি দূর করা এবং সংলাপের মধ্য দিয়ে সমস্যা সমাধান করা।
এছাড়াও সন্ত্রাস দমনে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শেখ হাসিনা বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ বিশ্বশান্তি ও উন্নয়নের পথে কেবল হুমকিই নয় বরং মানব সভ্যতাকেই বিপর্যস্ত করে তুলছে।
সন্ত্রাস দমনে বাংলাদেশের জিরো টলারেন্স নীতির কথা উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের সম্পদ অথবা সীমারেখা যেনো কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত না হয়, সে ব্যাপারে দৃঢ় অবস্থান নেয়া হয়েছে।
প্রধানমন্ত্রী আরো বলেন, সন্ত্রাসীদের কোন নাম নেই, ধর্ম নেই, জাত নেই। সন্ত্রাসীরা সন্ত্রাসীই। ইসলাম শান্তির ধর্ম, এটি কখনোই সহিংসতা, সন্ত্রাস আর হত্যাকে সমর্থন করে না।
এদিকে, সম্মেলনে অংশগ্রহণের আগে হোল্ডিং রুমে অপেক্ষারত অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী। কুশল বিনিময়ের পাশাপাশি ট্রাম্পকে বাংলাদেশ সফরে আসার আমন্ত্রণ জানান শেখ হাসিনা।
এ সময় মালয়েশিয়ার প্রেসিডেন্ট নাজিব রাজাকসহ বেশ কয়েকজন বিশ্বনেতার সঙ্গে কথা হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার।