ঢাকা দক্ষিণ সিটির সব মাংসের দোকান ও ডিপার্টমেন্ট স্টোর এবং সুপারশপের জন্য গরুর গোস্ত কেজি প্রতি ৪৭৫ ও খাসির গোস্ত ৭২৫ টাকা নির্ধারণ করে দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি)।
রমজানে জনগণের সুবিধার কথা বিবেচনা করে এ দাম নির্ধারণ করা হয়েছে উল্লেখ করে মেয়র সাঈদ খোকন বলেন, ২৬ রোজা পর্যন্ত এ দামেই মাংস বিক্রি করতে হবে। কেউ বেশি দাম রাখলে ব্যবস্থা নেয়া হবে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন-ডিএসসিসি'র ব্যাংক ফ্লোর সভা কক্ষে মঙ্গলবার সকালে রোজা উপলক্ষে মাংস ব্যবসায়ীদের সঙ্গে সিটি করপোরেশনের কর্মকর্তাদের মতো বিনিময় সভার আয়োজন করা হয়। এতে গোস্তের মূল্য নির্ধারণ করে দেয়া হয়।
নিধিরিত দাম দাম অনুযায়ী দেশি গরুর গোস্ত কেজি প্রতি ৪৭৫ টাকা, ভারতীয় গরুর গোস্ত কেজি প্রতি ৪৪০, মহিষ গোস্ত কেজি প্রতি ৪৪০, খাসির গোস্ত ৭২৫ এবং ৬২০ টাকা কেজিতে বিক্রি হবে ভেড়া বা ছাগলের গোস্ত।
সভায় ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকন বলেন, নির্ধারিত দামের চেয়ে কেউ বেশি দামে গোস্ত বিক্রি করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। রোজায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মনিটরিং টিম কাজ করবে।
এ সময় এলাকায় একটি স্থায়ী গরুর হাট করার পরিকল্পনার কথাও জানান মেয়র।
এদিকে, গরুর হাটগুলোতে চাঁদাবাজি বন্ধের দাবি জানিয়ে ব্যবসায়ী বলেন, চাঁদাবাজি বন্ধ করা গেলে সারা বছর ভোক্তাদের ৩০০ টাকায় গরুর গোস্ত সরবরাহ করা সম্ভব। রোজায় মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে ধর্মঘট কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে।