দুর্নীতি দমন কমিশনকে (দুদক) প্রভাব মুক্ত হয়ে স্বচ্ছতার সঙ্গে কাজ করার পরামর্শ দিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। বুধবার দুপুরে রাষ্ট্রপতির নিকট কমিশনের ২০১৬ সালের বার্ষিক প্রতিবেদন জমা দেয়ার সময় কমিশনের চেয়ারম্যানকে তিনি একথা বলেন।
হাওর অঞ্চলের যদি কোনো দুর্নীতি হয় সে বিষয়ে কমিশনকে কাজ করারও পরামর্শ দেন। কমিশন সাধারণ মানুষের আস্থা অর্জনে কাজ করছে বলে রাষ্ট্রপতি সন্তোষ প্রকাশ করেছেন বলে জানান দুদক চেয়ারম্যান।
দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদের নেতৃত্বে কমিশনার ড. নাসিরউদ্দীন আহমেদ, এএফএম আমিনুল ইসলাম ও সচিব আবু মোস্তফা কামাল রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে ২০১৬ সালের বার্ষিক প্রতিবেদন পেশ করেছেন। দ্বি-বার্ষিক ওই প্রতিবেদনে কমিশনের কার্য সম্পাদন, সম্পাদিত কাজের অভ্যন্তরীণ ও বাহ্যিক জবাবদিহিতা এবং সরকার প্রদত্ত সম্পদ ব্যবস্থাপনার বিস্তারিত তথ্য অন্তর্ভুক্ত করা হয়েছে।
পরে সাংবাদিকদের সঙ্গে প্রতিবেদন নিয়ে কথা বলেন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ। বিগত বছরগুলোর তুলনায় দুর্নীতি প্রতিরোধে কমিশনের সাফল্যের কথা জানান তিনি।
শিক্ষা, স্বাস্থ্য, আইনশৃঙ্খলা, জাতীয় রাজস্ব, সরকারের আর্থিকখাতসহ বেশ কিছু উল্লেখযোগ্য বিষয়ে দুর্নীতি প্রতিরোধে সুপারিশও জমা দিয়েছে কমিশন।
এ সময় কমিশনের কর্মকাণ্ডে রাষ্ট্রপতি সন্তোষ প্রকাশ করেন। হাওর অঞ্চলের দুর্নীতির বিষয়ে কমিশনকে কাজ করারও পরামর্শ দেন।