বিদ্যুৎ খাতে চুরি ঠেকাতে দেশের ২ কোটি গ্রাহককে স্মার্ট মিটারের আওতায় আনার কথা জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। বৃহস্পতিবার সকালে বিদ্যুৎ ভবনে স্মার্ট মিটারের কার্যক্রমের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।
বর্তমানে ১০ লাখ গ্রাহক স্মার্ট মিটার ব্যবহার করছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, এরফলে গ্রাহকদের ভোগান্তি কমবে, বিদ্যুৎ বিলের হয়রানিও কমে আসবে।
নসরুল হামিদ বিপু বলেন, বর্তমানে ৩ থেকে ৪ হাজার কোটি টাকার বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে। নানা জটিলতায় এসব বিল তোলা যাচ্ছেনা। মিটারে কারচুপির অভিযোগও অসংখ্য গ্রাহকের রয়েছে। এসব বিষয় আমলে নিয়ে এই খাতকে ডিজিটালাইজেশন করার উদ্দেশ্য সরকার স্মার্ট মিটার চালু করছে। এ মিটার মোবাইল ফোনের সঙ্গে যুক্ত করে দেয়া হবে।
এর মাধ্যমে দেশের যেকোনো প্রান্ত থেকে বিদ্যুতের মিটার, বিল নিয়ন্ত্রণ করা যাবে। ব্যবহারের পরিমানও জানা যাবে বলে জানিয়েছেন মন্ত্রী।