অস্ট্রিয়ায় আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা-আইএইএ'র সম্মেলনে যোগ দিতে দুই দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার সকাল ৯টা ১০ মিনিটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে ভিয়েনার উদ্দেশে রওয়ানা দেন তিনি।
সফরে পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন। অস্ট্রিয়ার স্থানীয় সময় সোমবার দুপুরে বিমানের বোয়িং ৭৭৭-৩০০ ই.আর ‘রাঙা প্রভাত’ প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে ভিয়েনা পৌঁছাবে।
প্রথমদিনই শেখ হাসিনা ইউরোপ প্রবাসী বাংলাদেশিদের একটি সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন। পরদিন বিকেলে ভিয়েনা ইন্টান্যাশনাল সেন্টারে আইএইএ'র ৬০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন।
সফরে অস্ট্রিয়ার প্রেসিডেন্ট আলেকজান্ডার ভ্যান ডের ব্যালেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং চ্যান্সেলর ক্রিস্টিয়ান কার্নের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী।