সন্ত্রাস, জঙ্গিবাদ দমন করতে পারলে ধূমপানমুক্ত দেশ গড়াও সরকারের পক্ষে সম্ভব— বললেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে বুধবার এক আলোচনায় ধূমপান প্রতিরোধে সচেতনতা পরিবার থেকে শুরু করার আহ্বান জানান তিনি।
‘তামাক-উন্নয়নের অন্তরায়’ প্রতিপাদ্য নিয়ে পালিত হলো বিশ্ব তামাকমুক্ত দিবস-২০১৭ এ উপলক্ষ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় আর বিশ্ব স্বাস্থ্য সংস্থা যৌথ আলোচনায় তিনি এ কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে ধুমপানের বিরুদ্ধে পরিবার থেকেই সচেতনতা গড়ে তোলার তাগিদ দিয়ে, ধূমপান মুক্ত দেশ গড়তে সরকারের দৃঢ় অঙ্গীকারের কথাও তুলে ধরেন স্বাস্থ্যমন্ত্রী।
আর তামাকজাত পণ্য শুধুমাত্র দেশের উন্নয়নের প্রতিবন্ধকতাই নয়, অর্থনৈতিকভাবেও দেশকে পঙ্গু করে দেয় বলে উল্লেখ করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশ প্রতিনিধি। সরকারকে এর ব্যবহার রোধে কঠোর হওয়ার আহ্বান জানান তিনি।
ধুমপান নিয়ন্ত্রণে জনসচেতনতার ওপর গুরুত্ব দেন বক্তারা। ধুমপানবিরোধী প্রচারণায় সাধারণ মানুষের সম্পৃক্ততার কথাও বলেন।
তামাকজাত পণ্যের প্রচারণা নিয়ন্ত্রণে সরকারের কঠোর অবস্থানের কথা জানান স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক।
এদিকে, রাজধানীর বাইরে সারাদেশেও নানা আয়োজনে দিবসটি পালিত হয়েছে। নেত্রকোনা জেলা প্রশাসনের উদ্যোগে সকালে শহীদ মিনার প্রাঙ্গণ থেকে বের হয় র্যা লি। পরে তামাক ব্যবহারের কুফল নিয়ে আয়োজন করা হয় আলোচনা সভা। জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে জামালপুরেও আলোচনা সভা হয়। শোভাযাত্রা-আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালিত হয় রাজবাড়ী ও মানিকগঞ্জে।