দ্রুত বিচার আইনের সাজা বাড়লো— এ আইনের সর্বোচ্চ কারাদণ্ড ৫ বছর থেকে বাড়িয়ে ৭ বছরের বিধান রেখে ‘আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ দ্রুত বিচার সংশোধন আইন- ২০১৭’ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সোমবারের মন্ত্রিসভা বৈঠকে ২২ অক্টোবরকে ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস’ পালনের প্রস্তাবেও অনুমোদন দেয়া হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় সংসদ সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকের শুরুতেই সম্প্রতি যুক্তরাজ্যে অনুষ্ঠিত গর্ভমেন্ট সামিটে পাওয়া ‘গ্লোবাল মোবাইল গর্ভনমেন্ট-এমগভ অ্যাওয়ার্ড ‘ তুলে দেয়া হয় প্রধানমন্ত্রীর হাতে।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের এই সাফল্যের প্রশংসা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এবারের মন্ত্রিসভা বৈঠকে মোট চারটি বিষয়ে উপস্থাপন করা হয়। এরমধ্যে আইন শৃংখলা বিঘ্নকারীর কারাদণ্ড ৫ থেকে বাড়িয়ে ৭ বছর নির্ধারণ করে আইন-শৃংখলা বিঘ্নকারী অপরাধ আইনের খসড়ায় নীতিগত অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে সংবাদ ব্রিফিং এ মন্ত্রিপরিষদ সচিব এ তথ্য জানান।
আর দীর্ঘ দিনের দাবির পরিপ্রেক্ষিতে এবার ২২ অক্টোবরকে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালনের প্রস্তাবে অনুমোদন করেছে মন্ত্রিসভা। এখন থেকে খ-শ্রেণি ক্যাটাগরি অনুযায়ী প্রতিবছর জাতীয়ভাবে দিবসটি পালন করা হবে।
এছাড়া পরমানু বিদ্যুৎ কেন্দ্র নির্মানের বর্জ্য ব্যবস্থাপনার জন্য বাংলাদেশ ও রাশান ফেডারেশনের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরের প্রস্তাবেও অনুমোদন দেয় মন্ত্রিসভা।