সঞ্চয়পত্রের ওপর বাড়তি করারোপ করায় এবার মন্ত্রীদের সমালোচনার মুখে পড়লেন অর্থমন্ত্রী। সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক বলেন, সঞ্চয়পত্রে বাড়তি ট্যাক্স আরোপ করায় সাধারণ মানুষের মধ্যে ভুল বার্তা যাচ্ছে।
অনেকে মনে করছেন, ব্যাংকে টাকা রাখলে সরকার টাকা কেটে নিয়ে যাবে। এদিকে, বাজেট নিয়ে খালেদা জিয়ার বক্তব্যের সমালোচনা করেছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশনে ২০১৭-১৮ অর্থ বছরে প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নেন সদস্যরা। ব্যাংক লেনদেনের ওপর বর্ধিত আবগারি শুল্ক প্রত্যাহারের দাবি জানিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক বলেন, ব্যাংকে স্বল্প আয়ের মানুষের টাকায় করারোপ করা ঠিক হবে না।
নিম্ন আয়ের মানুষের ওপর করের বোঝা না বাড়ানোর আহ্বান জানান মন্ত্রী। সঞ্চয়পত্র আর ফিক্সড ডিপোজিটে সুদের হার না কমানোর কথাও বলেন তিনি।
তবে প্রস্তাবিত বাজেটকে যুগোপযোগী বলে উল্লেখ করেন ক্রীঢ়া প্রতিমন্ত্রী আরিফ খান জয়।
এদিকে, বাজেটে সরকার মানুষের পকেটে হাত দিয়েছে বলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া যে মন্তব্য করেছেন তার সমালোচনা করেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। বলেন, আওয়ামী লীগ সাধারণ মানুষের পকেটে হাত দিয়ে 'হাওয়া ভবন' তৈরি করে না।
এসময় প্যারিস চুক্তি নিয়েও দীপু মনি কথা বলেন। এই চুক্তি বাস্তবায়নে যুক্তরাষ্ট্রসহ সব দেশই কাজ করে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।