আগামী ১২ জুন থেকে শুরু হচ্ছে ঈদে ট্রেন ও বাসের অগ্রিম টিকিট বিক্রি। ঈদ উপলক্ষে এবার ২১ হাজারেরও বেশি আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি হবে। যার মধ্যে সাধারণ ট্রেনের যাত্রীদের জন্য বরাদ্দ রয়েছে ৬৫% টিকিট। ১২ জুন থেকে বাসের টিকিট বিক্রি শুরু হলেও এখনো লঞ্চের অগ্রিম টিকিট বিক্রির তারিখ নির্ধারিত হয়নি।
রোজার ঈদে রাজধানীবাসীসহ সবাই যাতে নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারে, এজন্য শিগগিরই শুরু হচ্ছে রেল, সড়ক, নৌসহ সব পথে পরিবহনের অগ্রিম টিকিট বিক্রি।
২১ জুনের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হচ্ছে আগামী ১২ জুন। এভাবে ১৬ জুন পর্যন্ত পর্যায়ক্রমে ২৫ জুন পর্যন্ত তারিখের টিকিট বিক্রি হবে। যাত্রীরা যাতে স্বাচ্ছন্দ্যে টিকিট কিনতে পারেন সেজন্য এবার ২৩টি কাউন্টারের ব্যবস্থা থাকছে।
বাসের অগ্রিম টিকিট বিক্রিও আগামী ১২ জুন থেকে শুরু হবে আর লঞ্চের অগ্রিম টিকিট বিক্রির তারিখ এখনো ঠিক হয়নি।
বিআইডব্লিওটিএ'র নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগ বলছে, ১১ জুনের যৌথসভায় এ ব্যাপারে সিদ্ধান্ত হবে।
এদিকে, আকাশ পথে ২২ থেকে ২৫ জুনের সব ফ্লাইটের টিকিট শবে বরাতের আগেই বিক্রি হয়ে গেছে। তবে টিকিটের চাহিদা থাকায় কিছু রুটে অতিরিক্ত ফ্লাইটের ব্যবস্থা করছে বিমান পরিবহন সংস্থাগুলো। তবে এক্ষেত্রে ভাড়া বেশি পড়তে পারে।