ঈদকে সামনে রেখে নগরীতে কাউকে চাঁদাবাজি ও টিকিট কালোবাজারি করতে দেয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।
সোমবার সকালে মহাখালী বাস টার্মিনালে এক মতবিনিময় সভায় তিনি একথা জানান। অজ্ঞানপার্টির দৌরাত্ন রোধে পুলিশ কাজ করছে বলেও জানান ডিএমপি কমিশনার।
রাজধানীর মহাখালী বাস টার্মিনালে আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া। বলেন, ঈদ উপলক্ষে নগরীতে চাঁদাবাজি ও যানবাহনের টিকিট কালোবাজারি বন্ধে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। আজ্ঞানপার্টি ও ছিনতাই রোধেও পুলিশ তৎপর রয়েছে বলেও জানান তিনি।
ঈদে যেন লক্কর-ঝক্কর গাড়ি বের না করা হয়, সে বিষয়ে মালিকদের অনুরোধ করে কমিশনার বলেন, এবার এসব চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দূরপাল্লার যাত্রীদের কাছ থেকে বেশি ভাড়া আদায় করলেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
নিবিড় অভিযান চালিয়ে জঙ্গি নিধন করা হচ্ছে উল্লেখ করে ডিএমপি কমিশনার জানান, এদের মূল উৎপাটন না হওয়া পর্যন্ত অভিযান চলবে।